জলবায়ু-সংক্রান্ত ধারা সংবিধানে যুক্ত করাসহ ১৪ সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু-সংক্রান্ত ধারা যথোপযুক্তভাবে সংবিধানে সংশোধনীর মাধ্যমে যুক্ত করার সুপারিশ করেছেন প্রতীকী জলবায়ু আদালত। গতকাল সোমবার রাজধানীতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বের প্রথম ‘জলবায়ু আদালতে’ জুরি বোর্ড এই সুপারিশ করেন।জুরি বোর্ডের পক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ১৪টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। দেশে জলবায়ু-সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় দ্রুততম সময়ে এ-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন ও আন্তর্জাতিক জলবায়ু আদালত স্থাপনের জন্য বলেন তিনি।পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী আদালতের রায় ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপ করে লাভ নেই। সহযোগিতার মনোভাব নিয়ে এগোতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়টিকে তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ মহল পর্যন্ত নিয়ে যাবেন।ক্ষতিগ্রস্তদের পক্ষে বরগুনার জেলেপল্লি থেকে আসা ৩৫ বছর বয়স্ক মমতাজ বেগম জানান, চার সন্তান ঘরে রেখে তাঁর স্বামী মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি। ‘সন্তানের মুখে খাবার তুলে দিতে এখন দ্বারে দ্বারে ঘুরছি।’ এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।বরগুনা সদরের ধলুয়া ইউনিয়নের পূর্ব চরকগাছিয়া গ্রামের সিদ্দিকুর রহমান জানান, সাগরে মাছ ধরতে গিয়ে তিনি ঝড়ে তিন দিন পানিতে ভেসেছেন। একটি ভারতীয় জাহাজ তাঁকে উদ্ধার করে উড়িষ্যার একটি জঙ্গলে নিলে সেখান থেকে মানবাধিকার সংস্থা তাঁকে দেশে আনে।বরগুনার আরেক নারী সূর্যবানু তাঁর একমাত্র সন্তান হানিফকে হারানোর কথা উল্লেখ করে মধ্যবিত্ত থেকে হতদরিদ্র হওয়ার কাহিনি জানান। সচ্ছল জেলে বারিক দফাদার ঝড়ে ট্রলার হারিয়ে ঋণের জালে জর্জরিত হওয়ার বেদনার কথা বলতে গিয়েও কেঁদে ফেলেন।জলবায়ুবিজ্ঞানী আহসান উদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্ত মানুষের করুণ পরিণতির জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করে বলেন, জুন থেকে নভেম্বর পর্যন্ত আগে বছরে চার থেকে ছয়টি নিম্নচাপ হতো। গত কয়েক বছরে তা বেড়ে কমপক্ষে ১২টি নিম্নচাপ হচ্ছে। গত ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস বাড়ায় নিম্নচাপ বেড়েছে।আন্তর্জাতিক আইনজীবী আহমেদ জিয়াউদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক আইনগুলো লঙ্ঘিত হচ্ছে। এটা মানবাধিকারের জন্য হুমকি।গ্রামীণ জীবনযাত্রার জন্য স্থায়িত্বশীল উন্নয়নে প্রচারাভিযানের (সিএসআরএল) আয়োজনে অনুষ্ঠিত আদালতের সূচনায় সিএসআরএলের সচিব জিয়াউল হক জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক প্রেক্ষিত তুলে ধরেন।আইপিসিসির সদস্য অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক পরিসরে অনেক অঙ্গীকারের কথা হয়। কিন্তু কথার মারপ্যাঁচে তা আর কার্যকর করা হয় না। উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরতে হবে। সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য শুধু আর্থিক ক্ষতিপুরণ নয়, তাদের ভূখণ্ডে ক্ষতিগ্রস্তদের জায়গা দিতে হবে।সাংসদ তারানা হালিম বলেন, দুর্যোগের কারণে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জেন্ডারের বিষয়টিকে ক্ষতিপূরণ ও জলবায়ু আইনে যুক্ত করার সুপারিশ করেন তিনি। সাংসদ হাসানুল হক ইনু উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে একটি স্থায়ী আদালত প্রতিষ্ঠার দাবি জানান।পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবেদ খান, আব্দুল কাইয়ুম, মনজুরুল আহসান বুলবুল, হাসান শাহরিয়ার, ডাচ্ অর্থনীতিবিদ পিটার কাস্টার্সসহ আরও কয়েকজন।