জলবায়ু সম্মেলন: সোমবার মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

মরক্কোর মারাক্কেশে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সোমবার সকালে মরক্কো যাচ্ছেন। সেখানে ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।

জলবায়ুবিষয়ক প্যারিস চুক্তি সম্প্রতি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে।

আজ রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, গত বছর প্যারিস চুক্তিতে বাংলাদেশসহ ১৯৭টি দেশ সই করেছিল। এ পর্যন্ত বাংলাদেশসহ ১০৯টি দেশ চুক্তিটি অনু সমর্থন করেছে। চুক্তি কার্যকরের ন্যূনতম আবশ্যকীয় শর্তগুলো পূরণ হওয়ায় গত ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের জলবায়ু সম্মেলনে ৫৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এর মধ্যে ৩৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৯ জন সরকারপ্রধান রয়েছেন। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে আরও থাকছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

প্রধানমন্ত্রীর আগামী বুধবার মরক্কো থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।