জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি জানাবে বাংলাদেশ। কপ-২১ নামে পরিচিত ওই সম্মেলনে যাতে আইনি বাধ্যবাধকতাসহ চুক্তি হয় সেই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ অবস্থান নেবে। চলতি শতাব্দীর মধ্যে যাতে বিশ্বের মোট গড় তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই দাবিও বাংলাদেশের অবস্থান থেকে তোলা হবে।
সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে কপ-২১ সম্মেলনে বাংলাদেশের এই অবস্থানের কথা জানানো হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্যারিস সম্মেলনে বাংলাদেশের পক্ষে সমঝোতাকারী দলের নেতা বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ইমেরিটাস ফেলো এম আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য নিয়মিত উন্নয়ন সহায়তার বাইরে অতিরিক্ত সহায়তা চাইবে এবং তা অবশ্যই ঋণ নয়, অনুদান হতে হবে।
এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ প্যারিস সম্মেলনে ঋণ চাইবে না, অনুদান চাইবে। বাংলাদেশ দলের এই অবস্থান প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। ফলে বাংলাদেশ অনুদানের দাবিতেই অটুট থাকবে।