জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে: টিআইবি

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আন্তর্জাতিকভাবে অঙ্গীকার করলেও সে অনুসারে অর্থ ছাড় করছে না। আর যতটুকু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা আবার ঋণ হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো দুদিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আগামী ৩০ নভেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২১ সামনে রেখে বাংলাদেশের করণীয় ও ভূমিকা সম্পর্কে সংগঠনটি এ সংবাদ সম্মেলন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দায়িত্ব ও কর্তব্য অনেক বেড়ে গেছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো যে ঝুঁকির সম্মুখীন হয়েছে, তা মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে। প্যারিসে উন্নত দেশগুলোর সামনে এ-সংক্রান্ত দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে।’
সংবাদ সম্মেলনে টিআইবির অবস্থানপত্র তুলে ধরেন সংগঠনটির জলবায়ু অর্থায়নে সুশাসন (সিএফজি) বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মু. জাকির হোসেন খান। বক্তব্য দেন টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের।
অবস্থানপত্রে ‘সাধারণ কিন্তু স্ব-স্ব সক্ষমতা, ভিন্ন ভিন্ন দায়িত্বশীলতা’ নীতির ভিত্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার দাবি উত্থাপনে বাংলাদেশকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে টিআইবি। ক্ষতিগ্রস্ত দেশগুলোতে প্রতিশ্রুত জলবায়ু তহবিল প্রদানে আইনি বাধ্যবাধকতা-সংবলিত আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের দাবি তোলার বিষয়ে সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অবস্থানপত্রে আরও বলা হয়, ২০১০ সালে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) এবং শিল্পোন্নত দেশগুলোর অর্থে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) গঠিত হলেও দুটি তহবিলেই বরাদ্দ ক্রমে আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে অভিযোজনের লক্ষ্যে অর্থ সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। শুধু তা-ই নয়, গত ছয় বছরে বিসিসিটিএফের অনুমোদিত ২৩৬টি প্রকল্পের মধ্যে মাত্র ৮৪টির কার্যক্রম শেষ হয়েছে। ৮৫টি প্রকল্প ২০০৯ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও এসব প্রকল্পের মাত্র ২০ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। অথচ এরই মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ তহবিল উত্তোলিত হয়েছে। বিসিসিআরএফে বরাদ্দ প্রায় ৬০ মিলিয়ন ডলারও সরকার ব্যবহার করতে পারছে না। পাশাপাশি প্রয়োজনীয় স্বচ্ছতা, আর্থিক, পরিবেশগত ও অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত না করায় গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে সরাসরি তহবিল সংগ্রহ করতে সক্ষম হচ্ছে না।
দূষণকারী উন্নত দেশগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে—এ বিষয়টি নিশ্চিত করার বিষয়ে অবস্থানপত্র গুরুত্ব দেওয়া হয়। ঋণের পরিবর্তে উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ ও ‘নতুন’ অনুদানকে অন্তর্ভুক্ত করে জলবায়ু অর্থায়নের সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণ, জলবায়ু অর্থায়নের পথনকশা প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিল ব্যবস্থাপনার সব পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে উন্নত দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রতিশ্রুতি দিলেও তারা নিজেদের দেশের পরিবর্তে তা বাংলাদেশের মতো দেশগুলোর দিকে ঠেলে দিয়েছে। রামপাল ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র তেমনই প্রকল্প।
এক প্রশ্নের জবাবে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, প্যারিস সম্মেলনে যাওয়ার আগেই রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা আসা উচিত। প্যারিসে যাওয়ার আগেই এর প্রভাব সম্পর্কে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে এর পরিবেশগত সমীক্ষার বিষয়ে একটি নির্দিষ্ট ঘোষণা নিয়ে যাওয়া উচিত। তিনি বলেন, ‘রামপাল নিয়ে প্যারিসে কথা হবে, এটা অবধারিত। আমাদের প্রতিনিধিরা সেখানে বিব্রত হোক, সেটা আমরা চাই না। তাই সম্মেলনে যোগ দেওয়ার আগেই এ বিষয়ে ঘোষণা আসা উচিত।’