জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সৌরবিদ্যুৎ ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিম আলী মাতবর গ্রামের একটি বাড়ির টিনের চালায় সৌরবিদ্যুতের প্যানেল l ফাইল ছবি
সাকিম আলী মাতবর গ্রামের একটি বাড়ির টিনের চালায় সৌরবিদ্যুতের প্যানেল l ফাইল ছবি

মরক্কোর মারাক্কেশে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গতকাল বুধবার ছিল বাংলাদেশের সৌরবিদ্যুতের ঝলক। সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন প্রযুক্তির সাফল্যের জন্য বাংলাদেশের একটি প্রকল্পকে জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ পদক দেওয়া হয়।
শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘সাকিম আলী মাতবর’। এই গ্রামের আটটি পরিবার তাদের ঘরে উৎপাদিত সৌরবিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। একজনের বাড়িতে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ চলে যায় আরেকজনের ঘাটতি পূরণে। এভাবে একধরনের বিদ্যুৎ লেনদেন ঘটে নতুন এক প্রযুক্তির মাধ্যমে। এমন সাফল্যের জন্য গতকাল মারাক্কেশের সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রকল্পটির উদ্যোক্তা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী, প্রকল্পের প্রযুক্তি সরবরাহকারী সংস্থা সোলশেয়ারের সেবাস্টিয়ান গ্রো ও উপকূলীয় বিদ্যুতায়ন এবং মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক এম নাসির উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন।
বিশ্বের ১৩টি জলবায়ুবান্ধব উদ্যোগকে এই পুরস্কার দেওয়া হয়। ইউএনএফসিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের উদ্যোগ সারা বিশ্বের জন্য একটি অনুকরণীয় হতে পারে।
পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সেবাস্টিয়ান গ্রো ও এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে একটি বিপন্ন দেশ নয়, পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য সস্তায় সৌরবিদ্যুৎ উৎপাদনও করতে পারে। এতে কার্বন নিঃসরণও কমে, সেই উদাহরণ আমরা তৈরি করেছি।’
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মারাক্কেশে পৌঁছেছেন। বেশ কয়েকটি দ্বিপক্ষীয় আলোচনার ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সামনের দিনগুলোতে ট্রাম্প প্রশাসন জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কী করবে, তা তিনি এখনই বলতে পারছেন না। তবে যুক্তরাষ্ট্রের জনগণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববাসীর সঙ্গে আছে, তা জানান দিতেই তিনি মারাক্কেশে পৌঁছেছেন।
জন কেরির পাশাপাশি নোবেল পুরস্কারজয়ী আল গোরও ট্রাম্পের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল মরক্কো ওয়ার্ল্ড পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে আল গোর বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববাসীর সঙ্গে থাকতে চায়। ট্রাম্পকে এই বিষয়টি অবহিত করে তাঁকে সহযোগিতা করতে চাই।’
মরক্কো সম্মেলনের শেষ পর্যায়ে গতকাল মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। প্রায় ১০০টি দেশের পরিবেশ ও জ্বালানিমন্ত্রীরা এই সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির একটি রূপরেখা প্রস্তুতের কাজ শুরু করার ওপরে জোর দিচ্ছেন। স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে সবুজ জলবায়ু তহবিল থেকে দ্রুত ও সহজে অর্থপ্রাপ্তির ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।