প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ বিশেষ করে ব্রিটেনের প্রতি জলবায়ু পরিবর্তনসংক্রান্ত অভিযোজন তহবিল দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন। সফররত ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।বিগত কোপেনহেগেন সম্মেলনে বিশ্বের ঊষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশের জন্য এই তহবিল সরবরাহের অঙ্গীকার করা হয়।ব্রিটিশ মন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান এবং বিশ্বব্যাপী মন্দা চলাকালে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশকে জরুরি সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে গ্যাস, কয়লা ও তেল অনুসন্ধানে ব্রিটিশ সরকারের সহযোগিতাও কামনা করেন। প্রধানমন্ত্রী ব্রিটিশ মন্ত্রীকে বর্তমান ছাত্রবান্ধব ভিসানীতি অব্যাহত রাখার এবং বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভিসা ইস্যুর ওপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। তিনি ব্রিটিশ সরকারকে যুক্তরাজ্যের রেস্তোরাঁয় নিয়মিতভাবে বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং তাঁদের ভিসা লাভের প্রক্রিয়া সহজ করারও অনুরোধ জানান।পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী এলান ডানকান গতকাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় দুই মন্ত্রী বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর চ্যালেঞ্জ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, স্যানিটেশন, দুর্নীতি ও রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের জন্য ‘জিএসপি’ সুবিধা স্থায়ীভাবে বহাল রাখার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শ্রম অধিকার, স্বাস্থ্যঝুঁকি ও শিশুশ্রমের মতো বিষয়গুলো সাফল্যের সঙ্গে মোকাবিলা করছে। দেশের বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে।