জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় উন্নয়ন-সহযোগীদের তহবিল ব্যবহার শুরু হচ্ছে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়ন-সহযোগীদের দেওয়া তহবিলের ব্যবহার দীর্ঘ দুই বছর পর শুরু হতে যাচ্ছে। এই তহবিল পরিচালনায় পদ্ধতিগত সহায়তা দেওয়ার জন্য বিশ্বব্যাংককে রাখা হয়েছে। তবে তহবিলের অর্থ কীভাবে কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংককে আরও বেশি কর্তৃত্ব দেওয়ার জন্য উন্নয়ন-সহযোগীদের একটি অবস্থান ছিল। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। এ বিষয়ে আলাপ-আলোচনা শেষে উভয় পক্ষ একমত হয় যে, যেহেতু এই ধরনের তহবিল ব্যবস্থাপনার অভিজ্ঞতা সরকারের নেই, সেহেতু উন্নয়ন-সহযোগীদের পক্ষে বিশ্বব্যাংক এ বিষয়ে পদ্ধতিগত সহায়তা দেবে। আজ রোববার থেকে ঢাকায় অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনবিষয়ক দুই দিনের এশীয় সম্মেলন শেষে এই তহবিলের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হবে। প্রাথমিকভাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ২০০ কোটি টাকার তহবিল নিয়ে কাজ শুরু হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল শনিবার তাঁর দপ্তরে সাংবাদিকদের জানান, বহুপক্ষীয় দাতাদের দেওয়া সহায়তা তহবিল (মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড-এমডিটিএফ) এখন থেকে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা তহবিল (বিসিসিআরএফ) নামে কাজ করবে। খুব শিগগির এ তহবিলের মাধ্যমে কাজ শুরু হবে। ওই মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বৈশ্বিক জোটের (জিসিসিএ) দুই দিনের এশীয় সম্মেলন শেষে তহবিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। মূলত দুটি কমিটির মাধ্যমে তহবিলের কর্মকাণ্ড পরিচালিত হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন ‘গভর্নিং বডি’ ও মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কারিগরি কমিটি এই কর্মকাণ্ড পরিচালনা করবে। গভর্নিং বডির সদস্য থাকবেন অর্থ, কৃষি, খাদ্যসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী। কারিগরি কমিটিতে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা থাকবেন। এই দুটি কমিটি গঠনের ব্যাপারে সম্মেলনে চুক্তি সইয়ের কথা রয়েছে বলেও তিনি জানান। সরকারি সূত্রে জানা গেছে, ওই দুটি কমিটিতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তা ছাড়াও উন্নয়ন-সহযোগী, সুশীল সমাজ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের রাখা হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপদেশগুলোর অভিন্ন অবস্থানপত্র তৈরির লক্ষ্য সামনে রেখে আজ থেকে শুরু হওয়া সম্মেলনে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও ইয়েমেনের প্রতিনিধিরা অংশ নেবেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় বাংলাদেশ সরকার সম্মেলনের আয়োজন করেছে।প্রাথমিকভাবে কত টাকা নিয়ে তহবিল কাজ শুরু করবে, প্রশ্ন করা হলে হাছান মাহমুদ জানান, যুক্তরাজ্যের দেওয়া সাড়ে সাত কোটি পাউন্ড, ইইউর সাড়ে ৮৫ লাখ ইউরো ও ডেনমার্কের এক কোটি মিলিয়ন ডেনিশ ক্রোনার দিয়ে তহবিলের প্রাথমিক কাজ শুরু হবে। এ ছাড়া সুইডেনও তহবিলে অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। তবে তারা সহায়তার পরিমাণ এখনো উল্লেখ করেনি। উন্নয়ন-সহযোগীরা অনুদান হিসেবে এই তহবিলে অর্থ দিচ্ছে।