জলবায়ু পরিবর্তনের ফলে, বিশেষ করে রাজশাহী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এ অঞ্চলে প্রতিবছর উষ্ণতম দিনের সংখ্যা বাড়ছে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত না হয়ে তা হচ্ছে শরৎকালে। বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে। ফলে শস্যের ধরনও পাল্টে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহার বৃদ্ধিসহ খাপ খাওয়ানোর মতো নানা কর্মসূচি হাতে নিতে হবে।গতকাল সোমবার রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে ‘উত্তরবঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক আঞ্চলিক সংলাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এসব কথা বলেন।উন্নয়ন সংস্থা অ্যাসিসট্যান্স ফর স্লাম ডুয়েলার্স (এএসডি), রাজশাহী এবং নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। প্যানেল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহাম্মদ মিজান উদ্দিন। তিনি বলেন, সরকারের উচিত হবে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে মানুষ খাপ খাওয়াতে পারে, সেই বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া এবং রাজশাহীর প্রেক্ষাপটে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে তা দিয়ে ফসল ফলানো, বিশেষ করে খরাসহিষ্ণু ফসল ফলানো।এসডির কর্মকর্তা সাওদিয়া আনোয়ার বলেন, ‘জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মান, ঋতু—সবকিছুতে পরিবর্তন চলে এসেছে। ফসলের ধরন বদলে যাচ্ছে। আগের মতো ধান হচ্ছে না। ফলে আমরা আমদানিনির্ভর হয়ে পড়ছি। এতে আমলাতান্ত্রিক জটিলতা বাড়ছে। আর সার্বিকভাবে বিঘ্নিত হচ্ছে খাদ্যনিরাপত্তা। এই পরিস্থিতির জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করেন তিনি।