জলবায়ুর সব ধরনের তহবিলে স্বচ্ছতা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজিলিয়ান্স ফান্ড ও ট্রাস্ট ফান্ডসহ জলবায়ুসংক্রান্ত সব ধরনের তহবিলে স্বচ্ছতার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। টিআইবি বলেছে, এসব তহবিল থেকে অনুমোদিত ও ছাড় করা সব অর্থের পরিমাণ এবং প্রকল্পসংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে।গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। ২২ জুন অনুষ্ঠেয় ‘রিও+২০ সম্মেলন’-এ প্রত্যাশিত ঘোষণাপত্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে লিখিত ঘোষণাপত্র পড়েন খুলনার মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার (এমএসএসইউএস) ভাইস প্রেসিডেন্ট আঞ্জিমুন নেসা। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে জলবায়ুসংক্রান্ত সব ধরনের তহবিলের নীতিমালা তৈরি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বার্থের দ্বন্দ্বের অবসান ঘটাতে হবে। বিশেষ করে জলবায়ু তহবিলের অর্থায়নের সিদ্ধান্ত, ছাড় ও ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অবশ্যই জবাবদিহি পদ্ধতি নির্ধারণ করতে হবে।