জলবিদ্যুৎ উৎপাদনে নরওয়ের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়ের বিনিয়োগ বৃদ্ধি ও জলবিদ্যুৎ উৎপাদনে সে দেশের আধুনিক প্রযুক্তি-সহায়তার অনুরোধ জানিয়েছেন। নরওয়ের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ট্রোন্ড জিসেক গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, উপকূলীয় এলাকা থেকে ভাসমান উইন্ড টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং স্বল্প স্রোতের নদী থেকে জলবিদ্যুৎ উন্নয়নে নরওয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে।প্রধানমন্ত্রী নরওয়ের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে আরও তৈরি পোশাক, বস্ত্র, চামড়াজাত ও পাটজাত পণ্য, চা, ওষুধ, হিমায়িত মাছ, চিংড়ি ও বাইসাইকেল আমদানির আহ্বান জানান।প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আইটি পণ্য আমদানি এবং এ দেশকে সাশ্রয়ী আইটি ও আইটি সক্ষম সেবার আউটসোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান।জাহাজনির্মাণ খাতে বিনিয়োগের জন্য নরওয়ের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অন্য যেকোনো দেশের চেয়ে ১৫ শতাংশ কম মূল্যে জাহাজ ও ট্রলার নির্মাণ করতে পারে।নরওয়ের মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে তাঁর দেশের অব্যাহত সহায়তার আশ্বাস দেন। অর্থনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে নরওয়ের মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সব সময় এ দেশের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও বাংলাদেশে নরওয়ের দূত র‌্যাগনে বিরটে লন্ড উপস্থিত ছিলেন।