বাংলাদেশ ও ভুটানের মধ্যে শক্তিশালী অংশীদারত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, জলবিদ্যুৎকেন্দ্র প্রকল্প এবং আঞ্চলিক যোগাযোগ ভ্রাতৃপ্রতিম দুই দেশের জনগণের মধ্যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
গতকাল সোমবার ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের অবশ্যই দুই দেশের জনগণের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে হবে।’
জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা প্রদানে সুনির্দিষ্ট সাফল্য আনতে আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, তিনি জেনে অত্যন্ত আনন্দিত যে প্রতিবেশী তিনটি দেশের সমন্বয়ে ত্রিজাতীয় জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আঞ্চলিক যোগাযোগ সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, এটি সুসংবাদ যে ২০১৬ সালের ২১ জুন ভুটানের জাতীয় পরিষদে বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট-সম্পর্কিত বিল পাস হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এর ফলে এই উপ-অঞ্চলে দীর্ঘ যোগাযোগ ব্যবস্থা চালু হবে।’
ঢাকার রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমি অত্যন্ত ভারাক্রান্ত, কারণ দুঃখজনকভাবে ঢাকার একটি রেস্টুরেন্ট ১ জুলাই একদল সন্ত্রাসী কিছু নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। আমি পুনর্ব্যক্ত করছি যে এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ডে আমরা ভীত নই এবং আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।’
রাষ্ট্রপতি দেশে ফিরেছেন: ভুটানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম এবং সফরসঙ্গীদের বহনকারী দ্রুকএয়ারের একটি ফ্লাইট গতকাল বেলা তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে ১ জুলাই ভুটানে যান রাষ্ট্রপতি।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভুটানের স্থানীয় সময় বেলা দুইটায় ঢাকার উদ্দেশে ভুটান ত্যাগ করেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত যিশনু রায় চৌধুরী পারো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।