
বৃষ্টির পানিতে ডুবে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ। এতে বিভিন্ন গবেষণা উদ্ভিদ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেটা হলে বড় ধরনের সমস্যায় পড়বেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গবেষণা মাঠগুলোর অধিকাংশ নিচু জমিতে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের পানিনিষ্কাশনের একমাত্র খালটির মুখ দখল করে বাড়ি তৈরি করায় পানি সরে যেতে পারে না। এ কারণে সামান্য বৃষ্টি হলেই সব গবেষণা মাঠ তলিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার জন্য এই বিশ্ববিদ্যালয়ে চারটি গবেষণা মাঠ রয়েছে। অপর্যাপ্ত হলেও এসব মাঠেই একাডেমিক গবেষণার পাশাপাশি উদ্ভিদ নিয়ে বিভিন্ন গবেষণা হয়ে থাকে। কিন্তু কয়েক দিনের অতিবৃষ্টিতে গবেষণা মাঠগুলো পানিতে ডুবে গেছে।
এই গবেষণা মাঠগুলোর একটিতে রয়েছে জারবেরা ফুলের গবেষণা নার্সারি। বাংলাদেশের দ্বিতীয় এই গবেষণা নার্সারিটিও জলাবদ্ধতার কারণে এখন হুমকির মুখে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ছোট ছোট গবেষণা মাঠ পানির নিচে তলিয়ে আছে। এসব মাঠে রয়েছে সৌদি খেজুর, আঙুর, কমলা, মাল্টা, ধান, এলাচি, সুন্দরী, ড্রাগন ফলসহ বিভিন্ন গবেষণা উদ্ভিদ। জারবেরা ফুলের নার্সারিটিও ডুবে আছে পানিতে। গতকাল বৃহস্পতিবার আবারও সেখানে গিয়ে দেখা যায়, নার্সারিটির পানি নেমে গেছে। কিন্তু এটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গাছগুলো সব মরে যাচ্ছে। তা ছাড়া ধানের গবেষণা মাঠটি এখনো পানির নিচে রয়েছে। পানি নেমে যাওয়ার পর কিছু কিছু কমলা, মাল্টা, সৌদি খেজুরগাছসহ অনেক গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পানিনিষ্কাশনের জন্য একমাত্র খালটি ক্যাম্পাসের মাঝ বরাবর অবস্থিত। খালটি ময়ূর নদে গিয়ে মিশেছে। কিন্তু ময়ূর নদের পাড়ে খালের শেষ মাথায় তৈরি করা হয়েছে একটি বাড়ি। পানির গতিপথ পরিবর্তন করে ওই বাড়ির নিচ দিয়ে ছোট একটি কালভার্টের মাধ্যমে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। গতিপথ পরিবর্তন করে খালের মুখটি যেদিকে দেওয়া হয়েছে, ওই জায়গাটি ভরে আছে বড় আকারের শেওলায়। এতে বৃষ্টির পানি সরতে পারছে না।
বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের (বিভাগ) অধ্যাপক মো. মনিরুল ইসলাম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক দুষ্প্রাপ্য উদ্ভিদ নিয়ে গবেষণা করা হয়। এর মধ্যে জারবেরা ফুলের গবেষণা নার্সারিও রয়েছে। সাধারণত ভারত থেকে টিস্যু পদ্ধতিতে উৎপাদন করা চারা এনে বাংলাদেশের কৃষকেরা এই ফুলের চাষ করে থাকেন। জারবেরা ফুল নিয়ে বাংলাদেশে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়েই গবেষণা করা হচ্ছে।
মনিরুল ইসলাম আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে তাঁর নেতৃত্বে পরিচালিত গবেষণায় ইতিমধ্যে নতুন ১১টি রঙের ফুল উদ্ভাবন করা সম্ভব হয়েছে। কিন্তু বৃষ্টির পানিতে নার্সারিটি ডুবে যাওয়ায় ফুলগাছগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
বিভাগীয় প্রধান মোহাম্মদ বশির আহমেদ বলেন, তাঁদের বিভাগের বেশির ভাগ গবেষণা ফসলভিত্তিক। জলাবদ্ধতার কারণে গবেষণা মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে যেসব শিক্ষার্থী ফসল নিয়ে গবেষণা করছেন, তাঁরা বিপাকে পড়বেন। বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য সমস্যাটা বেশি হবে। কারণ, প্রতিবেদন না দিতে পারলে তাঁদের পরীক্ষার ফলাফল আটকে যাবে। তা ছাড়া গবেষণায় ভালো কিছু থাকলেও সেটা এখন আর প্রমাণ করা যাবে না।
এসব বিষয়ে উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে চলা বিশ্ববিদ্যালয়ের এ সমস্যা সমাধানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, খুলনা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব জায়গায় একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।