জলমগ্ন বিদ্যালয় প্রাঙ্গণ, ক্লাস পরীক্ষা বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা একটা। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকা। রাস্তায় কোমরপানিতে দু-একটি রিকশা চলছে। হঠাৎ রিকশা থেকে নিচে পড়ে যায় এক স্কুলছাত্রী ও তার বাবা। রাস্তার পানিতে ভাসছিল তার স্কুলব্যাগ।
সকাল সাড়ে নয়টার দিকে নগরের চৌমুহনী এলাকার ব্যস্ত সড়কে দেখা যায়, এক বাবা স্কুলব্যাগ কাঁধে ঝুলিয়ে শিশুসন্তানকে কোলে নিয়ে স্কুলে যাচ্ছেন৷
গতকাল রোববার টানা বৃষ্টিতে স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে এভাবে ভোগান্তি পোহাতে হয় বাবা-মাদের। এই পরিস্থিতিতে কিছু বিদ্যালয়ে শ্রেণিকার্যক্রম বন্ধ ও পরীক্ষা স্থগিত করা হয়৷
খোঁজ নিয়ে জানা যায়, টানা বর্ষণে নগরের আগ্রাবাদ, হালিশহর, পাহাড়তলী, নাসিরাবাদ, পাঁচলাইশ, চান্দগাঁও, বাকলিয়া, কাপাসঘোলা প্রভৃতি এলাকার বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়েছে। শ্রেণিকক্ষ পানিতে ডুবে গেছে। ফলে কয়েকটি বিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। আবার কোনো কোনো স্কুলে শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
নগরের জামালখান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে দুই পালায় (প্রাত ও দিবা শাখা) ১৫ থেকে ১৬ জন পরীক্ষার্থী কম এসেছে। তবুও আমরা পরীক্ষা চালিয়ে যাচ্ছি। বিকেলের পরীক্ষার সময় এক ঘণ্টা পিছিয়ে দিয়েছি।’
নগরের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রূপঞ্জলী কর বলেন, ‘শিক্ষকেরা উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষ জলমগ্ন হয়ে পড়ায় শ্রেণিকার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’
ডবলমুরিং খানার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন বলেন, ‘আমাদের অফিসের সামনে এবং রাস্তায় প্রচুর পানি জমেছে। রিকশা নিয়ে ঢুকতে হয়েছে। কারণ পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না।’
চট্টগ্রাম বোর্ড কার্যালয়ের সামনে মুরাদপুর সড়কে পানি জমে থাকায় গতকাল বোর্ডের বেশির ভাগ কর্মকর্তা রাস্তায় আটকা পড়েন৷
বোর্ডের উপসচিব মাহবুব হাসান বলেন, ‘রাস্তায় কোমরসমান পানি জমে থাকায় সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আমাদের মুরাদপুর সড়কে গাড়িতেই অবস্থান করতে হয়েছে৷’