জলমগ্নদের নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলায় ইউনিয়ন আছে ৬৯টি। এর মধ্যে ৩৯টিই চার দিন ধরে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে আছে। জলমগ্ন অঞ্চলে সাত লাখ মানুষের বাস, যারা এখন মানবেতর জীবন কাটাচ্ছে।
রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতা ও জলমগ্ন মানুষের দাবি, বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামত না করায় ভোলার মানুষের আজ এই দুর্গতি। এ জন্য জলমগ্নদের নভেম্বর পর্যন্ত নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেন তাঁরা।
ভোলায় জোয়ারের পানির স্বাভাবিক উচ্চতা ৩ দশমিক ৪৭ মিটার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানিবিজ্ঞান বিভাগের জোয়ার পরিমাপ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে জোয়ারের পানির উচ্চতা ছিল ৪ দশমিক ৫ মিটার। গত সোম থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভোলা সদর, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলা ঘুরে দেখা যায়, প্লাবিত অঞ্চলের মানুষ ঘরের খাটের পায়ার নিচে ইট-কাঠ দিয়ে কয়েক হাত উঁচু করেছে। খাটটিকে শক্ত করে বেঁধেছে খুঁটির সঙ্গে। তবু পানিতে তলিয়ে গেছে খাট। বাধ্য হয়ে নারীরা বসতঘরের চালার নিচে মাচাংয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে বসেই নির্ঘুম, অনেকটা অভুক্ত অবস্থায় দিন-রাত কাটছে তাঁদের। অনেকে সাপের ভয়ে ঘুমাতে পারছেন না। চারদিকে পানি আর পানি, তার মধ্যে বড় বড় সাপ ঘুরতে দেখা যায়। ভোলা-চরফ্যাশন সড়কের ওপর দু-তিন হাত পানি। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের সড়কের ওপর তিন-চার হাত পানি। এই পানির মধ্যে শিশু-নারী-বৃদ্ধরা দিনের পর দিন মানবেতর জীবন কাটাচ্ছে।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, বিগত সময়ে পাউবো শীতকালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করত, যা ছিল বেশ মজবুত। কিন্তু গত কয়েক বছর পাউবো শীতকালে বাঁধ নির্মাণ করে না। বর্ষাকালে পানি উঠলে তা ঠেকানোর চেষ্টা করে, যা লুটপাট ছাড়া কিছু নয়। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে সরকারের সেবা দেওয়া উচিত।
বিএনপি ও বিজেপির নেতার বক্তব্য সমর্থন করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল কাদের বলেন, ‘ভোলাকে দুর্যোগকবলিত জেলা ঘোষণা করে আগামী নভেম্বর পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদে থাকার ব্যবস্থা করা হোক।’
জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্তরা যদি আশ্রয়কেন্দ্রে যেতে চায়, তাহলে নেওয়া হবে। ইতিমধ্যে আমরা চাল ও শুকনা খাবার দিতে শুরু করেছি।’