জলমহাল ইজারা নিতে নেতা ও শিক্ষকেরা বনলেন মৎস্যজীবী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে জলমহালের ইজারা বাগিয়ে নিতে রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীরা মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করছেন। অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত এসব সমিতি জেলা সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে বলে জানা গেছে। অথচ ভূমি মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রাকৃতিক উৎস থেকে মাছ শিকার ও বিক্রি করে যাঁরা জীবিকা নির্বাহ করেন, তাঁরাই প্রকৃত মৎস্যজীবী।’সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সমিতির নিবন্ধন দেওয়ায় উপজেলার অধিকাংশ সরকারি পুকুর ভুয়া মৎস্যজীবীদের দখলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতায় ভুয়া মৎস্যজীবীরা সমিতির নিবন্ধন পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।মৎস্যজীবী সমিতি নিবন্ধন পাওয়ার নিয়ম হচ্ছে, সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৃত মৎস্যজীবী সনদ দেবেন। সেই সনদে উপজেলা মত্স্য কর্মকর্তা তাঁকে প্রকৃত মৎস্যজীবী হিসেবে শনাক্ত করে নিবন্ধনের জন্য সুপারিশ করবেন। প্রকৃত মৎস্যজীবীর সনদসহ উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে তাঁদের সমিতির নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। উপজেলা সমবায় কর্মকর্তা সরেজমিন জরিপ করে সমিতি নিবন্ধনের জন্য জেলা সমবায় অধিদপ্তরে পাঠাবেন। জেলা সমবায় কর্মকর্তা সমিতি নিবন্ধন দেবেন। অভিযোগ সূত্রে জানা যায়, জলমহালের ইজারা বাগিয়ে নিতে অমত্স্যজীবীরা টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে প্রকৃত মৎস্যজীবী সনদ নিচ্ছেন। এসব সনদধারী প্রকৃত মৎস্যজীবী কি না, তা দেখভাল না করেই উপজেলা মৎস্য কর্মকর্তা নিবন্ধনের সুপারিশ করছেন। উপজেলা সমবায় কর্মকর্তা সমিতি সরেজমিন জরিপ না করেই অনুমোদনের জন্য জেলা সমবায় কর্মকর্তার কাছে সরকারি অনুমোদনের জন্য পাঠাচ্ছেন।উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরকারি জলমহাল ইজারার নতুন প্রজ্ঞাপন জারির পর এখানে ১০টি মৎস্যজীবী সমবায় সমিতির নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধনের অপেক্ষায় আছে বিভিন্ন নামে আরও ৪০টি মৎস্যজীবী সমিতি।খোঁজ নিয়ে জানা গেছে, নিবন্ধন পাওয়া জাফরপুর উদয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুর রহিম চাকরি করেন; সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে মানিক সোনামুখী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এই সমিতির অধিকাংশ সদস্য প্রকৃত মৎস্যজীবী নন। এ প্রসঙ্গে মাহবুব আলম বলেন, ‘সরকারি দলের নেতা হলেই আমি মৎস্যজীবী নই এমন কথা কোথাও লেখা নেই।’জাফরপুর সোনালী মৎস্যজীবী সমিতির সভাপতি আবু ছালেক কাঁঠালবাড়ি আর কে এম দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক একজন ব্যবসায়ী। একই সমিতির সহসভাপতি মমতাজুর রহমান সচ্ছল একজন কৃষক। এ প্রসঙ্গে আবু ছালেক বলেন, ‘শিক্ষকতা পেশায় আছি ঠিক। কিন্তু আমি মাছ চাষ করি। কয়েকটি পুকুর ইজারা নিয়েছি, সেই পুকুরে মাছ চাষ হচ্ছে। এ কারণেই এলাকার মানুষ আমাকে মৎস্যজীবী হিসেবে চেনে।’ সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘টাকা দিয়ে ছোট পেশা কিনতে হচ্ছে।’সোনামুখী ইউপির চেয়ারম্যান ডি এম রাহেল ইমাম বলেন, ‘কেউ সনদ নিতে এলে চেয়ারম্যান হিসেবে তাঁকে ফিরিয়ে দেওয়া যায় না। তবে একেবারেই কেউ মৎস্য চাষের সঙ্গে জড়িত নন, এমন কাউকে সনদ দেওয়া হয় না। সনদ পাওয়া ব্যক্তি প্রকৃত মৎস্যজীবী কি না, তা যাচাইয়ের দায়িত্ব উপজেলা মত্স্য ও সমবায় কর্মকর্তার।’উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দীন বলেন, ‘মৎস্যজীবী হিসেবে চেয়ারম্যানের দেওয়া সনদধারী ব্যক্তিকে যাচাইয়ের পর সুপারিশ করি।’উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, উপজেলা মত্স্য কার্যালয় থেকে মৎস্যজীবীর সনদে সুপারিশ করা হচ্ছে। আমরা নিয়ম অনুযায়ী সমিতির নিবন্ধন দিচ্ছি। রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীরা কীভাবে প্রকৃত মৎস্যজীবী হিসেবে সমিতির নিবন্ধন পেলেন—প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, ‘এটি আমার জানা নেই।’ ইউএনও এস এ এম রফিকুন্নবী বলেন, ‘অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত মৎস্যজীবী সমিতি নিবন্ধন পাচ্ছে এমন একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটি আমরা তদন্ত করে দেখব।’