জলমহাল ইজারা নেওয়ার চেষ্টা করছেন অমৎস্যজীবীরা!
সরকারি জলমহালনীতি উপক্ষো করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অমৎস্যজীবীরা তিতাস নদীর একটি জলমহাল ইজারা নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জলমহালটি প্রকৃত মৎস্যজীবীদের নামে ইজারা দেওয়ার দাবিতে ভূমিহীন জেলেরা সম্প্রতি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।জেলা প্রশাসকের কার্যালয় ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কণিকাড়া মৌজার ২৫৩২ দাগে তিতাস নদীর কণিকাড়া বুড়ি নদীর মুখ থেকে বাউস খাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ জলমহালটি অবস্থিত। দীর্ঘদিন ধরে কণিকাড়া গ্রামের স্থানীয় ভূমিহীন হিন্দু জেলেরা জলমহালটি ইজারা নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। আগামী তিন বছরের (বাংলা ১৪১৯-১৪২১ সন) জন্য জলমহালটি স্থানীয় অমৎস্যজীবীদের নিয়ে গঠিত ‘তিতাস মৎস্যজীবী সমবায় সমিতি’ ও ‘একতা মৎস্যজীবী সমবায় সমিতি’ ইজারা নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার কণিকাড়া গ্রামের শতাধিক জেলে পরিবারের লোকজন মাছ ধরার জাল ও পলো নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে অমৎস্যজীবীদের নিয়ে গঠিত একতা ও তিতাস মৎস্যজীবী সমিতিকে ‘ভুয়া’ আখ্যায়িত করা হয়।কণিকাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, ‘সরকারি জলমহালনীতিতে সুস্পষ্টভাবে বলা আছে, যিনি প্রাকৃতিক উৎস থেকে মাছ শিকার ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তিনিই প্রকৃত মৎস্যজীবী। আর মৎস্যজীবী সমিতিতে যদি এমন প্রকৃত মৎস্যজীবী না থাকেন, তাহলে সেই সমিতি সরকারি জলমহাল পাওয়ার যোগ্য নয়।’ওই দুটি সমবায় সমিতি কীভাবে প্রত্যয়ন পেল, জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘ঘরে ঘরে গিয়ে মৎস্যজীবী যাচাই করা সম্ভব নয়। যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পেশার সঙ্গে জড়িত, তাঁদের প্রত্যয়নপত্র দিয়ে থাকি।’কণিকাড়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি (গত ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী) আহসান হাবিব নিজেকে একজন মৎস্য ব্যবসায়ী দাবি করে বলেন, ‘আমার সমিতির সবাই মৎস্যজীবী। তদন্ত করলেই এর প্রমাণ পাওয়া যাবে। আমি নিজেও মাছের ব্যবসা করি। যারা আমাদের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে, কাগজে-কলমে তাদের কোনো সমিতি নেই। ওদের সমিতি ভেঙে গেছে। তাই এ বছর আমরা জলমহালটি ইজারা পেতে আবেদন করেছি।’অন্যদিকে তিতাস মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি তোফাজ্জল আলী নিজেকে অমৎস্যজীবী স্বীকার করে বলেন, ‘আসলে আমি কোনো মৎস্যজীবী নই। আমি মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে। তবে আমার সমিতির শতভাগ সদস্যই খাঁটি মৎস্যজীবী।’এলাকার মুজিবর রহমান, জীবন মিয়া, জসীম উদ্দিনসহ একাধিক ব্যক্তি বলেন, কণিকাড়া মৎস্যজীবী সমিতিতে রয়েছেন গ্রামের প্রকৃত জেলেরা। যাঁদের পেশা মাছ ধরা ও বিক্রি করা। অথচ তিতাস ও একতা মৎস্যজীবী সমিতিতে সভাপতিসহ অধিকাংশই হচ্ছেন অমৎস্যজীবী লোক।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি দেখার জন্য ইতিমধ্যে এডিসিকে (রাজস্ব) দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’