জলমহাল ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় নির্ধারিত সময়ের পর জোরপূর্বক দরপত্র জমা দেওয়ার অভিযোগে জলমহাল ইজারা বাতিল করা হয়েছে।গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জলমহাল কমিটির সভাপতি রানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আখতারের সভাপতিত্বে এক সভায় দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনও কার্যালয় থেকে জানা গেছে, গত ৩০ জুলাই উপজেলার তিন শতাধিক জলমহাল ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৬ আগস্ট দরপত্রের শিডিউল বিক্রয়ের দিন ধার্য ছিল। পরের দিন ২৭ আগস্ট নওগাঁ জেলা প্রশাসক, ইউএনও এবং রানীনগর উপজেলা ভূমি কার্যালয়ে স্থাপিত দরপত্র বাক্সে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র দাখিলের পর বাক্সগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পর ইউএনও কার্যালয়ে এসে কয়েকজন তরুণ জোরপূর্বক দরপত্রের বাক্সের মুখ খুলে একাধিক দরপত্র বক্সের ভেতর ফেলে চলে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর ইউএনও এক বিজ্ঞপ্তিতে দাখিলকৃত দরপত্র খোলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। এরপর মঙ্গলবার সভায় ওই দরপত্র বাতিল ঘোষণা করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও হাসিনা আখতার বলেন, সভায় পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বর শিডিউল বিক্রি এবং ৪ সেপ্টেম্বর দরপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে।