জলমহাল ইজারাপ্রথা বাতিল করে মানুষ রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি ও কাওয়াদীঘি হাওরে বিল ইজারাদারেরা কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছেন। জলাবদ্ধতার কারণে কয়েক বছর ধরে হাওরাঞ্চলের কৃষকেরা আউশ ও আমন ফসলের চাষ করতে পারছেন না। সময়মতো পানি সরে না যাওয়ায় বোরো ফসলের হালিচারা তৈরিও পিছিয়ে যায়। তাই হাওরে জলমহাল ইজারা প্রথা বাতিল করে কৃত্রিম জলাবদ্ধতা থেকে হাওরাঞ্চলের মানুষকে রক্ষা করতে হবে। মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার হাওর রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন চলাকালে বক্তারা ওই মন্তব্য করেন। হাওরে কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জলমহাল ইজারা প্রথা বাতিলসহ নয় দফা দাবিতে শহরের চৌমোহনা চত্বরে হাওর রক্ষা সংগ্রাম কমিটির মৌলভীবাজার সদর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় কমিটির মৌলভীবাজার সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাকির আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহসাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বলরাম ধর বলাই, আবুল হাসান, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রতিনিধিদলের কাওয়াদীঘি হাওর পরিদর্শন: এদিকে কাওয়াদীঘি হাওরের জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যা নিরসনের লক্ষ্যে একটি প্রতিনিধিদল গত বুধবার হাওর এলাকা পরিদর্শন করেছে।প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, হাওরে ইজারা প্রথা বাতিল, জলাবদ্ধতা নিরসনসহ নয় দফা দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে কাওয়াদীঘি হাওরে এই প্রতিনিধিদল পাঠায়। প্রতিনিধিদলে ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম খান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (যান্ত্রিক শাখা) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আজম, মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী, হাওর রক্ষা সংগ্রাম কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ উদ্দিন আহমদ প্রমুখ। প্রতিনিধিদলের সদস্যরা কাওয়াদীঘি হাওরপারের পাড়াশিমুল, মিরপুর, কাশিমপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। প্রতিনিধিদলের অন্যতম সদস্য মৌলভীবাজার সদরের ইউএনও বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ জেলা প্রশাসক মহোদয়কে জানাব। পরে এ বিষয়ে একটি সমন্বয় সভা হবে। সেই সভায় সার্বিক বিষয় তুলে ধরা হবে।’