জলমহাল দখল নিয়ে নেত্রকোনায় দুই পক্ষে সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী উপজেলার সীমান্তবর্তী মরাধনু জলমহাল দখলকে কেন্দ্র করে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়েছেন । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মরাধনু জলমহাল দখল নিয়ে মোহনগঞ্জের বরান্তর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ও খালিয়াজুড়ীর রাজিবপুর মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাজিবপুর মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন গতকাল সকালে জলমহালে মাছ ধরতে গেলে বরান্তর মৎস্যজীবী সমবায় সমিতির লোকজন তাতে বাঁধা দেন। এ নিয়ে প্রথমে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। পরে মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে সুজাত চৌধুরী (৪০), সোহেল মিয়া (২২), আল আমিন (২৫), হাবিদ মিয়া (২৮), বাক্কী মিয়া (৪০), নয়ন চৌধুরী (২৪), আজহার (২৮) ও তোফাজ্জল (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সুজাত, সোহেল, আল আমিন ও আবিদকে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালাহ উদ্দিন সংঘর্ষের সময় গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।