জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গুগরীবাদ জলমহাল দখলকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ইটনা উপজেলা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মাছ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বন্দুকের চারটি গুলি ছোড়া হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন: শামছুল হক (৩০), আলী (২৭), সালাম (৪০) ও আলাল (৩৫)। গুরুতর আহত আলাল ও শামছুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, গুগরীবাদ জলমহাল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাছ ব্যবসায়ী মামুন চৌধুরী এবং খালিয়াজুরী উপজেলার জেলেদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে গতকাল সকালে খালিয়াজুরী উপজেলার জেলেরা ওই জলমহালে মাছ ধরতে গেলে মামুন চৌধুরী তাঁর লোকজন নিয়ে জেলেদের ওপর আক্রমণ চালালে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।