জলমহাল নিয়ে সংঘর্ষে নিহত ২, পৃথক মামলা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় জলমহাল নিয়ে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মঘর বাজার এলাকার একটি জলমহাল ইজারা দিতে দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত রোববার। এ জলমহালের ইজারা পাওয়া নিয়ে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার সঙ্গে ধর্মঘর মৎস্যজীবী সমবায় সমিতির দ্বন্দ্ব দেখা দেয়। সমিতির লোকজন ওই দিন দরপত্র জমা দিতে গেলে ফরিদ ও তাঁর লোক জসিম মিয়া বাধা দেন। বাধা উপেক্ষা করে দরপত্র জমা দেন সমিতির সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য মিছবাহ উদ্দিন। তাঁরাও স্থানীয় আওয়ামী লীগের সমর্থক। ধর্মঘর মৎস্যজীবী সমিতি পাঁচ লাখ টাকায় জলমহালটি ইজারা পায়। ওই দিন রাতে স্থানীয় বাজারে একটি চায়ের দোকানে সমিতির লোকজন গল্প করছিলেন। রাত সাড়ে আটটার দিকে ফরিদ ও জসিমের নেতৃত্বে ২৫-৩০ জন লোক বন্দুক ও পিস্তল নিয়ে সেখানে গিয়ে গুলি ছোড়ে। এতে প্রায় ২০ জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সোহেল মিয়াকে (২৫) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আহত আলামিন, তাউস মাস্টার, মোস্তাক আহম্মেদ, বাবুল মিয়া, আকবর আলী, আক্কাস আলী, উমর আলী, সামছুজ্জামান, রুমান মিয়া, ফরিদ মিয়া, জসিম মিয়া, হারুন মিয়া, দুলাল মিয়া, বাবুল হোসেন, সন্তোষ মিয়াসহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সোহেল উপজেলার নিজনগর গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি ধর্মঘর কলেজের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ছিলেন। এ ঘটনায় গত মঙ্গলবার আবদুর রউফ বাদী হয়ে ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি অহিদ হোসেন মুন্সিকে প্রধান আসামি করে ফরিদ ও জসিমসহ ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে সোহেল নিহত হওয়ার দেড় ঘণ্টা পর ফরিদের লোক হিসেবে পরিচিত কালা মিয়া (৫০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কালা মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় কালার ছেলে আকছির মিয়া বিএনপির কর্মী লোকমান মিয়াকে প্রধান আসামি ও আবদুর রউফকে ৮ নম্বর আসামি করে ২৮ জনের নামে গতকাল বুধবার থানায় মামলা করেন। তবে এলাকার অনেকে জানান, সোহেল হত্যাকাণ্ডের পর পাল্টা মামলা দিতে অভিযুক্ত ব্যক্তিরাই কালাকে হত্যা করেছেন।
আবদুর রউফ বলেন, পরের হত্যাকাণ্ডটি সাজানো। এ বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও ফরিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।