জলমহাল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রভাবশালীদের হাত থেকে জলমহাল রক্ষা এবং তা প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের আড়িয়াল খাঁ নদের পাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
দড়ি চরিয়াকোনা মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি মঙ্গল মিয়া, সদস্য নুরু মিয়া, প্রমুখ। তাঁদের দাবি, আড়িয়াল খাঁ নদের জলমহালটি দড়ি চরিয়াকোনা মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দেওয়া হোক। এ সমিতির সব সদস্যের মৎস্যজীবীর পরিচয়পত্র রয়েছে। সমিতির সদস্যসংখ্যা ১০৫ জন। আরও কয়েক শ জেলে পরিবার এ সমিতির সঙ্গে নানাভাবে যুক্ত।
মানববন্ধনে বক্তারা বলেন, কটিয়াদীর অধিকাংশ জলমহাল প্রভাবশালী অমৎস্যজীবীদের দখলে চলে গেছে। এগুলোর ওপর নজর পড়েছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদেরও। ফলে জলমহালগুলো এখন আর প্রকৃত মৎস্যজীবীদের হাতে নেই। এতে জেলে পরিবারগুলোর আর্থিক কষ্ট বাড়ছে। বিশেষ করে আড়িয়াল খাঁ নদীর পাড়ের জেলেরা এখন আর ভালো নেই। এই নদীর জলমহালটি স্থানীয়ভাবে প্রভাবশালী আলী আশরাফ নামের এক ব্যক্তি নিয়ন্ত্রণ করেন। কোনো জেলে নদীতে গেলে তাঁর ওপর নানাভাবে নির্যাতন চালানো হয়।
চেষ্টা করেও আলী আশরাফের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ব্যবসায়িক সহযোগীরা বলেন, তাঁরা ইজারা নিয়েই মাছ চাষ করেন। জলমহালে প্রকৃত জেলেদের নির্যাতন করা হয় না। ইজারা থেকে বঞ্চিত করতে একটি পক্ষের ইঙ্গিতে সমিতির সদস্যরা তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।