জলমহালে অবৈধ বাঁধ, দুই হাজার একরে চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চতরা বিলের সরকারি জলমহালে একটি প্রতিষ্ঠান ‘ইকোপার্ক’ করার নামে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছয় বছর ধরে জলাবদ্ধতায় উপজেলার পাঁচ গ্রামের প্রায় দুই হাজার একর জমিতে আমন ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, চতরা বিলে মোট ৭৮ একর জমি আছে। এর ৩৪ একর ৭৩ শতাংশ পড়েছে মিঠাপুকুর উপজেলায়। এ অংশের খিয়ারপাড়া এলাকায় ২০০৫ সালে রাবেয়া অ্যান্ড রাইদা কোম্পানি একটি বাঁধ নির্মাণ করে বিলের তিন একর ৪০ শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে নেয়। বর্ষাকালে বিলে জমে থাকা পানি যমুনেশ্বরী নদীতে নেমে যায়। উত্তর দিকে বাঁধ থাকায় এ সময় পানি নদীতে নামতে পারে না। এতে বিলের আশপাশের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।এলাকাবাসী অভিযোগ করে, রাবেয়া অ্যান্ড রাইদা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি চতরা বিলের জমি দখল করে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এখন সেখানে মাছের চাষ করছে।ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী একাধিকবার বাঁধটি কেটে দিয়েছিল। গত বছর নভেম্বর মাসে বাঁধ কেটে দেওয়ায় প্রতিষ্ঠানটির নিয়োগ করা আনসার বাহিনীর গুলিতে স্থানীয় কয়েকজন আহত হয়। কিছুদিন পর প্রতিষ্ঠানটি বাঁধের কাটা অংশ মেরামত করে। গত ২৯ জুন এলাকাবাসী পুনরায় বাঁধটি কেটে দিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।খিয়ারপাড়ার সেকেন্দার রহমানের পাঁচ বিঘা জমির ধান বছরের পর বছর নষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘আগোত এটে কোনো বাঁধ ছিল না। বাঁধ দেওয়ায় পানি জমিয়া হামার ধান আবাদ হয় না।’ শাহাদত মিয়া বলেন, ‘জমি থাকিয়াও ধান আবাদ হয় না। পানি আসি খায়া ফেলায় আবাদি জমির ধান।’উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে উপজেলা প্রশাসন একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাঁধ দেওয়ায় আট-দশ হাজার লোকের সমস্যা হচ্ছে। আমনের চারা একটু বড় হলে রাবেয়া অ্যান্ড রাইদা কোম্পানি বিল থেকে পানি বের করে দেয়। এতে চারাগুলো ডুবে যায়। এ কারণে ধানের আবাদ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।গত বছরের ২৭ সেপ্টেম্বর স্থানীয় সাংসদ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রী বরাবর চতরা বিলের বর্তমান অবস্থা সম্পর্কে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে একটি আবেদন করেন।ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ অক্টোবর রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ করিম ভূমি মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। সেই আবেদনে উল্লেখ করা হয়েছে, অনুমতি ছাড়াই বিল এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় বিলের একটি বিশাল এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।রাবেয়া অ্যান্ড রাইদা প্রকল্পের প্রকল্প পরিচালক ফজলুল হক বলেন, চতরা বিলের পীরগঞ্জ এলাকার ব্যক্তিমালিকানাধীন জলমহাল কেনা হয়েছে। বিলের মিঠাপুকুর অংশে জলমহালের কিছু খাস জায়গা ইজারা নেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ করিম বলেন, রাবেয়া অ্যান্ড রাইদা প্রকল্প সরকারি জলমহালের কিছু খাস জমি দখল করে সেখানে বাঁধ নির্মাণ করায় উত্তেজনা দেখা দিয়েছে। তাঁরা বিষয়টি ভূমি মন্ত্রণালয়কে অবহিত করবেন।