জলমহালের ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের ‘বছা চাতল লম্বা দাইড়’ নামের জলমহালের ইজারা নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আলীনগর মত্স্যজীবী সমিতির লোকজনের সঙ্গে ওই গ্রামের খালেদ মিয়ার লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়। গ্রামবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে জলমহালের ইজারা নেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত শাহদ্বীপ (৩০), আবুল খয়ের (৫০), শাহজাহান (৪০), হুমায়ুন কবির (৩০), জুয়েল মিয়া (৩০), মুহিত (৩০), হেলাল মিয়াকে (২৫) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলীনগর মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহদ্বীপ বলেন, এ বছর উপজেলা প্রশাসন থেকে জলমহালটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। আমাদের সমিতি যাচাই-বাছাই কমিটিতে প্রকৃত মত্স্যজীবী ও নিকটবর্তী বলে প্রমাণিত হয়। কিন্তু স্থানীয় সাংসদের সুপারিশে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত রেখে আলীনগর উত্তরা সমিতিকে ইজারা দেওয়া হয়। পরে ওই সিদ্ধান্তের ব্যাপারে মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ এলে তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।অন্যদিকে আলীনগর উত্তরা সমিতির সাধারণ সম্পাদক মুহিত মিয়া দাবি করেন, প্রকৃত মত্স্যজীবী হিসেবে তাদেরকেই উপজেলা প্রশাসন থেকে জলমহালটির বন্দোবস্ত দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ব্যাপারে গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।