বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি জলমহাল ইজারা পেয়েও উপজেলা ছাত্রলীগের সভাপতির দাপটের কারণে দখলে নিতে পারছেন না ইজারাদার। উল্টো সভাপতি বাদী হয়ে ইজারাদারের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগে মামলা করে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন ইজারাদার।স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার সীমান্তে চিকাশি ইউনিয়নের গজারিয়া পাইকোড়তলী মৌজা এলাকায় ২৮ দশমিক ৮ একর সরকারি জলমহাল তিন বছরের জন্য ইজারা পান কামালপুর ইউনিয়ন মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রণজিৎ হাওলাদার। ২০১০ সালের ২৮ নভেম্বর ছয় লাখ ৬০ হাজার টাকায় এই ইজারা দেওয়া হয়। ইতিমধ্যে প্রথম বছরের জন্য তিনি করসহ দুই লাখ ৬৫ হাজার টাকা পরিশোধও করেছেন। জলমহালে তিন লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। মাছ ছাড়ার দুই সপ্তাহ পর উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম তাঁর লোকজন নিয়ে জলমহাল থেকে জোরপূর্বক পোনা মাছ ধরে বিক্রি করেন। বাধা দিতে গেলে রণজিৎকে মারপিটের হুমকি দেওয়া হয়। এ নিয়ে শফিকুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে রণজিৎ হাওলাদার গত ৭ এপ্রিল সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন। ক্ষিপ্ত হয়ে রণজিৎ হাওলাদারসহ ২৬ জনকে আসামি ধুনট থানায় মাছ চুরির পাল্টা মামলা করেন শফিকুল।এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ওই জলমহাল ইজারার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল। তার পরও ইজারা দেওয়ায় তিনি আদালতে আবেদন করেছেন। ইজারা দেওয়ার আগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি সেখানে মাছ চাষ করছিলেন। সেই মাছ রণজিৎ কুমার বিক্রি করেছেন। এ কারণে তিনি মামলা করেছেন। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান পাশা বলেন, তদন্ত করে আদালতে মামলার প্রতিবেদন দাখিল করা হবে। অযথা কাউকে হয়রানি করা হবে না।