জলমহালের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষে ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘বাদে কানামুইয়া’ নামের একটি জলমহালের দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পক্ষ জলমহাল নিজেদের দখলে রেখেছে আর অপর পক্ষ দখলের চেষ্টায় জলমহালের তীরে অবস্থান নিয়েছে। তাই যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ ও এলাকাবাসী।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ‘এই জলমহালটি ইজারা দেওয়া হয়নি। যারা জলমহালের দখলে আছে এবং যারা দখল করতে চায় তাদের কারোই কোনো বৈধতা নেই।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে অবস্থিত এলাকার একটি বড় জলমহাল হচ্ছে বাদে কানামুইয়া। গত বছর থেকে নিজেদের ইজারাদার দাবি করে এটি অবৈধভাবে নিয়ন্ত্রণ করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারা মিয়া ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর খোকন। তাঁরা জলমহালে মাছ আহরণ শুরু করার সব প্রস্তুতি নিয়েছেন। এ অবস্থায় জলমহালের দখল নিতে চেষ্টা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান আখঞ্জি এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আখঞ্জি। শামীম একসময় এই জলমহালের বৈধ ইজারাদার ছিলেন।গত শুক্রবার রাতে জলমহালের দখল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উপজেলা সদর বাজারে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে জলমহাল দখলের চেষ্টায় বিলের আশপাশে শামীম আখঞ্জির লোকজন অবস্থান নিয়েছে বলে পার্শ্ববর্তী গ্রামের লোকজন জানিয়েছে। আর অপর পক্ষ নিজেদের দখল বজায় রাখতে মাছ ধরার খলায় তাদের লোকবল বাড়িয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন, ‘জলমহালটি নিয়ে দুই পক্ষ যেভাবে মুখোমুখি অবস্থান নিয়েছে, তাতে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে।’এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেছেন, ‘আমরা বৈধভাবেই বিলের দখলে আছি। এ-সংক্রান্ত কাগজপত্র প্রশাসনের কাছে জমা দেওয়া আছে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান আখঞ্জি বলেন, ‘আমি জনগণের পক্ষে। জনগণ চায়, অবৈধ দখলদারদের বিল থেকে উচ্ছেদ করতে। তাই আমি তাদের সঙ্গে রয়েছি।’ তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বজলে মাওলা বলেন, ‘বিল এলাকায় যেকোনো সময় সংঘর্ষ হতে পারে। তবে আমরা দুই পক্ষকেই সতর্ক করে দিয়েছি।’