জলরঙের ছন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জলের ছন্দ শিরোনামে প্রদর্শনী ​দেখছেন দর্শকেরা l প্রথম আলো
নগরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জলের ছন্দ শিরোনামে প্রদর্শনী ​দেখছেন দর্শকেরা l প্রথম আলো

‘একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল/ বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে/ ভাঙা প্যাকিং বাক্সের গাদায়/ আরও দু-তিনটি মুরগির সঙ্গে।’ সুকান্ত ভট্টাচার্যের ‘একটি মোরগের কাহিনি’ কবিতাটির মোরগটিই যেন ফুটে উঠেছে শিল্পী কে এম এ খাজা কাইয়ুমের আঁকা জলরঙের চিত্রকর্মে। জলের সঙ্গে পানি মিশিয়ে কাগজের ওপর স্বচ্ছ চিত্র রচনা করাই হলো জলরঙের আদর্শ। আর সেই আদর্শকে সার্থক রূপায়ণের চেষ্টাই যেন করেছেন শিল্পী। তাঁর এই চিত্রকর্মটি স্থান পেয়েছে একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে।

১৯ আগস্ট নগরের শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে কালার প্যালেটের উদ্যোগে আয়োজন করা হয় জল ছন্দ শিরোনামে তিন দিনব্যাপী জলরঙে আঁকা চিত্রের প্রদর্শনী। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও নবীন চিত্রশিল্পীদের চিত্রকর্ম একসঙ্গে দেখার সুযোগ মিলেছে এই প্রদর্শনীতে। জলরং মাধ্যমে ছবি অাঁকার চর্চাকে প্রসারিত করার লক্ষ্যে নগরে তৃতীয়বারের মতো কর্মশালার আয়োজন করেছে কালার প্যালেট। সেই কর্মশালার থেকে বাছাই করা ছবি নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীটির। প্রদর্শনীর নির্দিষ্ট কোনো মূল উপজীব্য ছিল না। তবে জলরঙের এই প্রদর্শনীর অন্যতম প্রধান অনুষঙ্গ নিসর্গ, নদী, নৌকা, জাহাজ ও তার চারপাশের মানুষ। প্রদর্শনীটি উদ্বোধন করেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শিল্পী নাসিমা আখতার।

প্রদর্শনীতে ঢোকার চোখে পড়ে, ঘাটে ফিরেছে মাছধরার জাহাজ, সেই জাহাজ থেকে মাল খালাস করছে একদল শ্রমিক। সামনের নদীতে নৌকায় যাত্রী পারাপার করছে মাঝি। আকাশে উড়ছে শঙ্খ চিল, পেছনে সারি সারি জাহাজ মিলিয়ে যাচ্ছে দূরে। এমন দৃশ্য জলরং আর তুলিতে ফুটিয়ে তুলেছেন চারুকলার শিক্ষার্থী দিব্য আলো।

প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে বেশির ভাগই ছিল চট্টগ্রামের সিআরবি, মাঝির ঘাট, পাহাড়তলী ও ইসা নগরের নিসর্গের চিত্র। নিসর্গ ছাড়া স্থান পেয়েছে প্রতিকৃতি ও জড়জীবন। এ ছাড়া প্রদর্শনীতে স্থান পেয়েছে চারুকলার শিক্ষক শিল্পী সুব্রত দাশ ও রুহুল করিমের ছবি। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিল শিল্পী রাসেল কান্তি দাশ ও শিল্পী সঞ্জয় সরকারের ছবি। ভালো লেগেছে নবীন শিল্পী সজল চন্দ্র নাথ, অনিমেষ মজুমদার, সুমন সূত্রধর, নাজমুল হোসেন ও আশরাফুন নাহারের ছবি। তাঁরা জলরঙের বিপুল বৈচিত্র্যময় স্বচ্ছ মাধ্যমে শিল্পধারার প্রতিফলন ঘটিয়েছেন এই প্রদর্শনীতে যার বিন্যাস আর সুষমাও মুগ্ধ করে দর্শকদের। প্রদর্শনীটি শেষ হয় ২১ আগস্ট।