বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামি জলসা অনুষ্ঠানের ওপর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জলসার পোস্টারে জাসদের স্থানীয় সাংসদের নাম রাখায় ক্ষুব্ধ হয়ে সেখানে পাল্টা জলসার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
উপজেলা প্রশাসন ও আয়োজক সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম সদর ইউনিয়নের তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছর বার্ষিক ইসলামি জলসার আয়োজন করে আসছে স্থানীয় ‘জামিয়া তারাটিয়া কওমি মাদ্রাসা’ কমিটি। এবার ১৭ ফেব্রুয়ারি (কাল শুক্রবার) এ জলসা করার ঘোষণা দেয় তারা। জলসার যে পোস্টার বিভিন্ন স্থানে সাঁটানো হয়, তার নিচে লেখা আছে, শুভেচ্ছান্তে সাংসদ এ কে এম রেজাউল করিম। তিনি জেলা জাসদের সভাপতি।
জামিয়া তারাটিয়া কওমি মাদ্রাসার মুহতামিম আফজাল হোসেন বলেন, মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবছরই বার্ষিক ইসলামি জলসা হয়ে আসছে। কোনো রাজনৈতিক কারণে নয়; জনপ্রতিনিধি হিসেবে সম্মান জানিয়ে পোস্টারে সাংসদের নাম রাখা হয়েছিল।
বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা একই স্থানে একই সময়ে পাল্টা ইসলামি জলসা আয়োজনের কথা জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানকে প্রধান অতিথি করার কথা বলা হয়।
এলাকাবাসীর পক্ষে এ আবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ওয়াশিম উদ্দিন ও আবদুস সামাদ। ওয়াশিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজক হলেও কার্যত গ্রামবাসী প্রতিবছর এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করে। এবার গত ২১ জানুয়ারি এই জলসা হওয়ার কথা ছিল। সেখানে একজন পীরের প্রধান বক্তা হওয়া নিয়ে বিরোধের জেরে জলসা স্থগিত হয়। পরে কাউকে না জানিয়েই মাদ্রাসা কর্তৃপক্ষ কাল শুক্রবার বিদ্যালয় মাঠে জলসার আয়োজন করে। ফলে এলাকাবাসী পৃথক জলসার আয়োজনে প্রশাসনের কাছে আবেদন করে।
পাল্টাপাল্টি ইসলামি জলসা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় নন্দীগ্রাম থানা-পুলিশ দুই পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পরে তারা ঘটনাস্থলে ১৪৪ ধারা জারির আবেদন করে ইউএনও চিঠি দেয়।
নন্দীগ্রামের ইউএনও মোসা শরীফুন্নেসা প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে শুক্রবার ভোর ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বক্তব্য জানতে সাংসদ রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান বলেন, গ্রামবাসী সেখানে ইসলামি জলসা আয়োজন করে তাতে তাঁকে প্রধান অতিথি করে আগে থেকেই আমন্ত্রণ করেছিল। কিন্তু সেই জলসা ভন্ডুল করতে একই মাঠে পাল্টা ধর্মসভার আয়োজন করে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ।