জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকা দিচ্ছে ওয়েলফেয়ার ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কসহ ছয়টি ভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের সংগঠন অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব। কর্মসূচি পালন উপলক্ষে গতকাল শুক্রবার নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ক্লাবের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মান্দি ইন্দ্রাণী মুকতি বলেন, কুকুর জলাতঙ্কসহ বিভিন্ন ভাইরাস বহন করে। কিন্তু কুকুর নিধন করে এর সমাধান করা ঠিক নয়। তাই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরে প্রায় ৭০০ বেওয়ারিশ কুকুর রয়েছে। ক্লাবের পক্ষ থেকে ২০০ কুকুরকে টিকা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পশুচিকিৎসক অভ্র প্রতিম চৌধুরী বলেন, টিকা দিয়ে কেবল কুকুরকে নয়, আশপাশের মানুষকেও জলাতঙ্ক ঝুঁকিমুক্ত করা হচ্ছে। তিনি বলেন, আগ্রাবাদ, মেহেদীবাগ, সল্টগোলা, বিবিরহাট এবং জিইসি এলাকায় কুকুরদের এই টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পর কুকুরের গলায় একটি বেল্ট লাগানো হবে।