জলাতঙ্ক রোগ নির্মূলে সমন্বয়ের অভাব!
জলাতঙ্ক রোগ নির্মূলে স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশনের একযোগে কাজ করার কথা। কিন্তু অর্থ বরাদ্দের দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মতো অন্য দুটি সংস্থা সেভাবে সাড়া দিচ্ছে না।
আজ রোববার বিশ্ব জলাতঙ্ক দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির লাইন ডিরেক্টর বেনজীর আহমেদ এ কথা বলেন। রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রাণী সম্পদ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর। এ বছরের প্রতিপাদ্য: ‘জলাতঙ্ক নির্মূলে একত্রে জলাতঙ্কের বিরুদ্ধে’।
অনুষ্ঠানে বলা হয়, সারা বিশ্বে প্রতিবছর ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্কে মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কিন্তু ২০১০ সালের আগ পর্যন্ত জনস্বাস্থ্য খাতে রোগটি তেমন গুরুত্ব পায়নি। এখন স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বেনজীর আহমেদ বলেন, অপরিকল্পিতভাবে কুকুর নিধন করলে জলাতঙ্ক রোধ করা যাবে না। কুকুরকে টিকা দিতে হবে। এতে করে কুকুরের কামড়ে আর জলাতঙ্ক হবে না। বাংলাদেশে ১২ লাখ বেওয়ারিশ কুকুরকে টিকা দিতে ১০০ কোটি টাকা প্রয়োজন। অর্থ বরাদ্দের দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মতো অন্যরা সেভাবে এগিয়ে আসছে না। তিনি আরও বলেন, জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত কুকুর কামড়ালে মানুষের মধ্যে রোগটি সংক্রমিত হয়। জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। কুকুর কামড়ানোর সঙ্গে সঙ্গে ভালো করে ক্ষতস্থানটি ধুয়ে জেলা হাসপতালে গিয়ে টিকা নিতে হবে। টিকাটি ব্যয়বহুল। তবে এখনো বিনা মূল্যে দেওয়া হচ্ছে। প্রায়ই ঘাটতি দেখা দেয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রাণী সম্পদ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, জলাতঙ্কে আক্রান্ত হলে স্নায়বিক বৈকল্য দেখা দেয়, রোগী আলো-বাতাস সহ্য করতে পারে না, পানি বা খাবার খেতে পারে না। শতভাগ ক্ষেত্রে মানুষ মারা যায়। কিন্তু রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি বাহাউদ্দিন নাছিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি কাজী এইচ এম আকরাম প্রমুখ।