জলাতঙ্ক রোধে কুকুরের জন্মনিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যা কমাতে এখন থেকে কুকুর নিধন করা হবে না। সংখ্যা কমাতে কুকুরের জন্মনিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করছে সরকার। সরকারি কর্মকর্তারা বলছেন, রাজধানীতে জলাতঙ্ক প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে কুকুর ধরে টিকা দেওয়া ও কুকুরের জন্মনিয়ন্ত্রণের এই উদ্যোগ নিয়েছে সরকার। আজ ‘ঢাকা নগরী হোক জলাতঙ্কমুক্ত’ এই স্লোগান সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে আধুনিক পদ্ধতিতে জলাতঙ্ক প্রতিরোধের কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশের প্রাণিকল্যাণ সংস্থা—অভয়ারণ্য। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন হবে আজ। সরকারি কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মনে করে, সব কুকুরই জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে। জলাতঙ্ক প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে লাখ লাখ কুকুর নিধন করা হয়। এই কাজে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়। তার পরও জলাতঙ্ক সমস্যার উল্লেখযোগ্য সমাধান পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন, জলাতঙ্ক প্রতিরোধে কুকুর নিধন অকার্যকর পদ্ধতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জলাতঙ্ক প্রতিরোধের কার্যকর উপায় হলো, টিকার মাধ্যমে কুকুরকে জলাতঙ্কমুক্ত রাখা এবং জন্মনিয়ন্ত্রণের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা। সূত্র জানিয়েছে আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা কথা থাকলেও এ নিয়ে কাজ শুরু হয়েছে আগেই। অভয়ারণ্যের স্বেচ্ছাসেবকেরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে কুকুরের আনুমানিক সংখ্যা ও তাদের স্বাস্থ্য পরিস্থিতি নির্ণয় করছেন। এর পাশাপাশি কুকুরের কামড় ও সহিংসতা রোধে সামাজিক সচেতনতা তৈরির কাজও চলছে। প্রশিক্ষণ পাওয়া কর্মীরা পূর্বনির্ধারিত ওয়ার্ড থেকে পথকুকুর নিয়ে আসছেন অভয়ারণ্য ক্লিনিকে। ক্লিনিকে বন্ধ্যাকরণ ও জলাতঙ্কের ইনজেকশন দেওয়ার পর ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের এলাকায় অথবা মালিকদের কাছে।অভয়ারণ্য কর্মীরা জানিয়েছেন, বন্ধ্যাকরণ শুধু সংখ্যা নিয়ন্ত্রণ করে না, কুকুরকে শান্ত রাখে। এতে কুকুর সারা রাত ডাকাডাকি করে জনজীবনে সমস্যা তৈরি করে না। টিকা দিলে কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় না।