জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত একটি গরুর মাংস বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।কয়েক দিন আগে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে একটি পাগলা কুকুর একটি গরুকে কামড় দেয়। এরপর গরুটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে পড়লে একই গ্রামের তিনজন কসাই কম দামে সেটি কিনে নেন। তাঁরা ১১ আগস্ট গরুটি জবাই করে বিষয়টি না জানিয়ে পরিচিত ব্যক্তিদের কাছে মাংস বিক্রি করেন। পরদিন ১২ আগস্ট ঘটনাটি জানার পর মাংস ক্রেতারা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এ ছাড়া তাঁরা গতকাল কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। ইউএনও এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন তাঁদের জলাতঙ্কের প্রতিষেধক গ্রহণের পরামর্শ দেন। কিন্তু মূল্য বেশি হওয়ায় অনেকেই প্রতিষেধক নিতে পারছেন না।ভেটেরিনারি সার্জন খলিলুর রহমান বলেন, জলাতঙ্কে আক্রান্ত পাগলা গরু জবাই করাটাই অপরাধ। যাঁরা সরাসরি জবাই এবং মাংস কাটার কাজে নিয়োজিত ছিলেন, তাঁদের সবার এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যাঁরা রান্না করে খেয়েছেন, তাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। তাই যাঁরা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন, তাঁদের প্রতিষেধক গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।লিখিত অভিযোগ গ্রহণের কথা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ বলেন, ঘটনাটি তদন্ত করে কসাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।