শেরপুর জেলা সদর হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্কের প্রতিষেধক নেই। এ কারণে কুকুর, শিয়াল, বিড়ালের কামড়ের শিকার লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জীবন বাঁচাতে তাদের বাইরে থেকে উচ্চমূল্যে প্রতিষেধক কিনতে হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বছরের মার্চে কেন্দ্রীয় ঔষধাগার থেকে ৩০০ অ্যাম্পুল জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছিল। কিন্তু অল্প দিনের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়।
গত রোববার হাসপাতালের জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রে গেলে জ্যেষ্ঠ নার্স নিলুফা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, প্রতিদিন এখানে গড়ে প্রায় ৫০ জন জলাতঙ্কের প্রতিষেধক নিতে আসে। কিন্তু হাসপাতালে প্রতিষেধক নেই। তিনি আরও বলেন, কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে সাধারণত চারটি জলাতঙ্ক প্রতিষেধক নিতে হয়। হাসপাতাল থেকে তা বিনা মূল্যে দেওয়া হতো। সরবরাহ না থাকায় এখন লোকজনকে বাইরে থেকে প্রতিষেধক কিনতে হচ্ছে। প্রতিটি প্রতিষেধকের সর্বোচ্চ খুচরা মূল্য ৫২০ টাকা।
কুকুরের কামড়ে আহত সদর উপজেলার হেরুয়া টালিয়াপাড়া গ্রামের মো. নজু মিয়া এই হাসপাতালে এসে প্রতিষেধক পাননি। তিনি বলেন, তিনি অত্যন্ত দরিদ্র। প্রতিষেধক কেনার সামর্থ্য তাঁর নেই। তারপরও জীবন বাঁচাতে ঋণ করে প্রতিষেধক কিনে হাসপাতালে নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, মূলত সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে জলাতঙ্কের প্রতিষেধক সরবরাহ করা হয়। কিন্তু অনেক সময় সামর্থ্যবান লোকজনও হাসপাতাল থেকে বিনা মূল্যের এই প্রতিষেধক নেন। এতে দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছে। তবে এক বছর দুই মাস ধরে সরকারি সরবরাহ বন্ধ থাকায় এখন সবাইকেই বাইরে থেকে প্রতিষেধক কিনতে হচ্ছে।
হাসপাতালের আরএমও নাহিদ কামাল বলেন, দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে জলাতঙ্কের প্রতিষেধক শিগগির সরবরাহের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।