জলাতঙ্কের প্রতিষেধক সংকটে দুশ্চিন্তায় রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সম্প্রতি কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। গত জুন মাসে জেলা শহর ও শহরতলির তিন শতাধিক মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে আছে শহরবাসী। এদিকে সিভিল সার্জন কার্যালয়ের জলাতঙ্ক নিরাময়কেন্দ্রে প্রতিষেধক সরবরাহ না থাকায় দুশ্চিন্তায় পড়েছে কুকুরে কামড়ানো রোগীরা।
সিভিল সার্জন কার্যালয়ের জলাতঙ্ক নিরাময়কেন্দ্র সূত্রে জানা গেছে, জুন মাসে এই কেন্দ্র থেকে কুকুরে কামড়ানো ২৯৭ জন রোগীকে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছে। গত সোমবার প্রতিষেধকের মজুত শেষ হয়ে যায়। এতে কুকুরে কামড়ানো রোগীরা হাসপাতালে এলেও তাদের প্রতিষেধক সরবরাহ করা যাচ্ছে না। এখন প্রতি মাসে গড়ে কুকুরে কামড়ানো ৩০০ রোগীর চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সরবরাহ না থাকায় তাঁদের প্রতিষেধক দেওয়া যাচ্ছে না।
গত বৃহস্পতিবার সকালে হলপাড়ার পুরোনো বলাকা সিনেমা হলের পেছনের সড়ক, আদালত চত্বর, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের সামনে এবং কালীবাড়ি বাজারের মুরগি ও মাংসের দোকানের পাশে দেখা যায়, বেওয়ারিশ কুকুরের দল ঘোরাফেরা করছে।
ঘোষপাড়া মহল্লার বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, ‘ছেলের প্রাইভেটের জন্য আমাকে সব সময় নরেশ চৌহান সড়কটি ব্যবহার করতে হয়। সেই সড়কে এখন সারা দিনই ১৫ থেকে ২০টি বেওয়ারিশ কুকুর ছোটাছুটি করে। গত সপ্তাহে ছেলে কুকুরের কামড়ে আহত হয়। ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়ে জলাতঙ্কের প্রতিষেধক দিয়েছিলাম। গত বৃহস্পতিবার গিয়ে দেখি, সেখানে প্রতিষেধক নেই। হাসপাতালের বাইরের দোকান থেকে প্রতিষেধক কিনতে হচ্ছে। একদিকে শহরে কুকুরের উপদ্রব, অন্যদিকে হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক নেই। এ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’
গত বুধবার শহরের হঠাৎপাড়া মহল্লার গৃহিণী রওশন বেগমকে কুকুরে কামড়ায়। বৃহস্পতিবার তিনি প্রতিষেধকের জন্য জলাতঙ্ক নিরাময়কেন্দ্রে যান। কেন্দ্রে প্রতিষেধক না পেয়ে তাঁকে বাইরে থেকে তা কিনতে হয়।
জলাতঙ্ক নিরাময় কেন্দ্রের এক কর্মী বলেন, বর্তমানে বাজারে ওষুধ ব্যবসায়ীদের কাছে তিন ধরনের জলাতঙ্কের প্রতিষেধক রয়েছে। এগুলোর দাম খুবই চড়া। এর মধ্যে ভারতের তৈরি ‘রেবিপুর’ নামের প্রতিষেধকের প্রতি ডোজের দাম ৬৪০ টাকা। সে হিসাবে পাঁচ ডোজের (প্রত্যেক রোগীর পাঁচ ডোজ প্রতিষেধক লাগে) দাম ৩ হাজার ২০০ টাকা। ফ্রান্সে তৈরি ‘ভেরোরাব’ নামে অপর একটি প্রতিষেধকের প্রতি ডোজের দাম ৬৪০ টাকা। আর দেশি ‘রেভিক্স ভিসি’ নামের প্রতিষেধকের প্রতি ডোজের দাম ৫০০ টাকা। বাইরে থেকে প্রতিষেধক দেওয়া গরিব রোগীদের পক্ষে কষ্টকর।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের জলাতঙ্ক নিরাময় কেন্দ্রের দায়িত্বে থাকা আখতার ফারুক বলেন, ‘গত মাসে জলাতঙ্কের প্রতিষেধক ২২০টি অ্যাম্পুল পেয়েছিলাম, যা এ মাসের শুরুতেই শেষ হয়ে গেছে। প্রতিষেধকের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। কবে পাওয়া যাবে, তার ঠিক নেই। রোগীদের বাইরে থেকে প্রতিষেধক কিনে আনতে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিষেধকটি পুশ করে দিচ্ছেন কেন্দ্রেরই লোকজন।’
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, ‘জলাতঙ্কের প্রতিষেধক শেষ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিষেধক চেয়ে চিঠি দিয়েছি।’