জলাধার ইজারা বন্ধের দাবিতে গণ-অনশন
নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় অবস্থিত বুড়িতিস্তা সেচ প্রকল্পের সংরক্ষিত জলাধারের বন্ধের দাবিতে গতকাল সোমবার গণ-অনশন কর্মসূচি পালন করেছে এলাকার পাঁচ শতাধিক মানুষ। জলঢাকা উপজেলার কালীগঞ্জ নামক স্থানে বুড়িতিস্তা ব্যারেজের ওপর তিন ঘণ্টার গণ-অনশন কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।স্থানীয়রা জানায়, বুড়িতিস্তা সেচ প্রকল্পের জলাধারটি স্থানীয় মত্স্যজীবী সমবায় সমিতি দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জলাধার ও সেচ নালাগুলো মাছ চাষের জন্য ইজারা প্রদানের জন্য গত ১১ জানুয়ারি দরপত্র গ্রহণ করে। ওই দরপত্রে তুসকা রিসোর্স গাজীপুর সর্বোচ্চ দরদাতা মনোনীত হয়।এলাকাবাসীর অভিযোগ, বাইরে থেকে এখানে এসে কোনো প্রতিষ্ঠান মাছ চাষ করলে এলাকার জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি এ প্রকল্পের মূল উদ্দেশ্য সেচ প্রদান বন্ধ হয়ে যাবে। স্থানীয় মত্স্যজীবী সমবায় সমিতির সদস্য রসুল সিদ্দিকীর অভিযোগ, প্রকল্প এলাকার গরিব মত্স্যজীবী ও সাধারণ মানুষদের বঞ্চিত করে পাউবো গোপন দরপত্রের মাধ্যমে বহিরাগত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার ষড়যন্ত্র করছে।জলাধার ইজারা বন্ধের দাবি গতকাল সকাল থেকে এলাকার লোকজন বুড়িতিস্তা ব্যারেজের ওপর তিন ঘণ্টার গণ-অনশন কর্মসূচি পালন করে। দুপুর ১২টার দিকে সাবেক সাংসদ ও গণফোরাম নেতা আব্দুর রউফ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন এবং পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। আন্দোলনকারীরা আগামী ১৪ দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়।এ ব্যাপারে পাউবো উপবিভাগীয় প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, জলাধারটি ইজারার জন্য গত ১১ জানুয়ারি দরপত্র গ্রহণ করা হয়। ওই দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসেবে তুসকা রিসোর্স মনোনীত হয়। তারা সেখানে দেশি মাছের সঙ্গে উন্নতজাতের মাছ চাষ করবে। পাশাপাশি সেচখালের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়টিও দেখবে।