জলাধার দখলমুক্ত করার দাবি সাত সংগঠনের
সারা দেশের জলাধারগুলো দখলমুক্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাতটি পরিবেশবাদী সংগঠন৷
গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে এই দাবি জানানো হয়৷ বিশ্ব জলাধার রক্ষা দিবস উপলক্ষে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়৷
সংগঠন সাতটি হচ্ছে: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, িগ্রন মাইন্ড সোসাইটি, স্বভূমি, ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ও সিআরডিএস৷
সমাবেশে বক্তারা জলাশয় দূষণমুক্ত করে জনগণের ব্যবহারোপযোগী করা এবং দখলদারদের তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷
বক্তারা বলেন, ঢাকা শহরকে পানি দিয়ে বাঁচিয়ে রাখতে হলে আশপাশের জলাশয়গুলো বাঁচাতে হবে৷ কিন্তু সরকারের জরিপে দেখা গেছে, ঢাকার ৪৩টি খাল দখল করেছেন ১০ হাজার ৫১৫ জন৷ এদের মধ্যে জরিপকাজে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন৷
সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী ইবনুল সাঈদ৷ বক্তৃতা করেন মশিউর রহমান, আমির হাসান, সৈয়দ সাইফুল আলম, এস এম সৈকত, জাকির হোসাইন, ইফমা হোসাইন প্রমুখ৷
সমাবেশ পরিচালনা করেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস৷ বিজ্ঞপ্তি৷