‘আমি গেরাম থেকে শহরে আসছি। বিদেশেও গেছি। আমার সোনার বাংলার চেয়ে সুন্দর দেশ আর কোথাও দেখি নাই। কিন্তু আমাদের একটু চোরামির অভ্যাস আছে। চুরি করে অন্যের জায়গা দখল করি। খাল-বিল সব ভরাট করি।’ সোনার বাংলার এ সৌন্দর্য তবে কি এই চোরামির কারণেই হারিয়ে যাবে?গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছবির হাটে ‘তুলিতে ধিক্কার, সমাজে প্রতিরোধ’ শীর্ষক এক সমাবেশে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন কুদ্দুস বয়াতি। ‘সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন’ এ সমাবেশের আয়োজন করে। জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির সঙ্গে কণ্ঠ মেলান সমাবেশে উপস্থিত সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, শিক্ষক, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী সবাই। জলাধার যারা ভরাট করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তাঁরা।এ ছাড়া জলাধার রক্ষায় সরকারে ঘোষিত বিষদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের ওপর জোর দেন তাঁরা। সমাবেশে আরও বক্তব্য দেন শিল্পী কৃষ্ণকলী, ভাস্কর রাসা, জসিম খাতাবী, পরিবেশবিদ আবু নাসের খান, মহিদুল হক খান, শরীফ জামিল, উন্নয়নকর্মী আমিনুল রসুল প্রমুখ। বক্তারা বলেন, জলাধার দখলের কারণে পানি-সংকট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাধারগুলো সংরক্ষণ করা না গেলে ঢাকাকে বাঁচানো সম্ভব নয়। দেশের নৌযোগাযোগ ও মৎস্যসম্পদ বৃদ্ধি, বিনোদনের পরিবেশ সৃষ্টিতে জলাধারগুলো সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেন তাঁরা।