জলাধার রক্ষায় সরকারের সদিচ্ছা থাকলেও অদৃশ্য কারণে সফল হতে পারছে না। এ বছরের মধ্যে রাজধানীর খালসহ জলাধার রক্ষা করে সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে না পারলে সরকারের ব্যর্থতা চরম আকার ধারণ করবে। ব্যর্থতার কারণ ও দায়ী ব্যক্তিদের জরুরি ভিত্তিতে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করলে সফলতা আসবে না। সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের এক সমাবেশ থেকে এ অভিমত প্রকাশ করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে গত ৩১ ডিসেম্বর রাত ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত জলাধার আন্দোলন ব্যতিক্রমধর্মী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের স্লোগান ছিল, ‘জলাধার-খাল উদ্ধারে আগামী বছর হোক সরকারের সফলতার; ব্যর্থতার দাহ উৎসব’।বক্তারা বলেন, রাজধানীর ৪৩টি খালের অনেকগুলো নিশ্চিহ্ন ও বেশির ভাগই দখল হয়ে গেছে। জলাধার রক্ষার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণ সরকার ও সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করা প্রয়োজন। খাল উদ্ধারের জন্য হাইকোর্ট সময়সীমা বেঁধে দিলেও সরকারি কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলের পরিচয়ে কিছু ভূমিদস্যু দখল চালিয়েই যাচ্ছে মন্তব্য করে তাঁরা বলেন, এটি সরকারের জলাধার রক্ষার অঙ্গীকারকে ক্ষতিগ্রস্ত করছে। সমাবেশে বক্তব্য দেন নিরাপদ নৌ-পথ বাস্তবায়ন আন্দোলনের আমিনুর রসুল, পরিবেশবাদী সৈয়দ মাহবুবুল আলম, সিএফডির মশিউর রহমান, গ্রিন মাইন্ড সোসাইটির আমির হাসান, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইবনুল সাঈদ প্রমুখ। পবার মানববন্ধন: খিলক্ষেতের ডুমনি-বোয়ালিয়া খাল অবিলম্বে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে এর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) পরিবেশবাদীরা। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে পবা ও গ্রিনবেল্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনের পর আয়োজিত সভায় বলা হয়, ডুমনি ও বরুয়া মৌজার সংযোগস্থলে ড্রেজার দিয়ে বালু কেটে ভরাট করতে শুরু করেছে ভূমিদস্যুরা। এটি চলতে থাকলে ডুমনি-বোয়ালিয়া খালের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এরই মধ্যে ডুমনিতে পানি না থাকায় খেতে সেচ দিতে পারছে না কৃষক। খালের ওপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ কাজ হারিয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, সাবিনা নাঈম, গ্রিনবেল্ট ট্রাস্টের জসিম কাতাবী, আবদুল্লাহ বাবু, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের হাফিজুর রহমান, তোফায়েল আহমেদ, নেচার লাভিং পিপলের মো. আলমগীর, ডিপার্টমেন্ট ফর ক্যাম্পেইন ফাউন্ডেশনের উৎপল দাস, কক্সবাজার পরিবেশ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আনোয়ার হোসেন, ডুমনি খাল রক্ষা কমিটির আহ্বায়ক বাহার উদ্দিন প্রমুখ।