জলাবদ্ধ এলাকাকে ধান চাষের উপযোগী করা হবে: কৃষিমন্ত্রী
জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে খাদ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। ধান উৎপাদনের ক্ষেত্রে মাঠপর্যায়ের গবেষণার সঙ্গে কৃষক পর্যায়ের গবেষণার পার্থক্য কমিয়ে আনতে এমওপি ও ডিএপি সারের দাম কমানো হয়েছে। জলাবদ্ধ এলাকাকে ধান চাষের উপযোগী করা হবে। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেছেন।কৃষিমন্ত্রী সম্প্রতি সারের দাম কমানোর ব্যাপারে সাংবাদিকদের বলেন, ইউরিয়ার দাম কম থাকায় কৃষকেরা এই সার বেশি পরিমাণে ব্যবহার করতেন। এতে ধানগাছ বেশি সবুজ দেখায় এবং পোকামাকড় বেশি আক্রমণ করে। ডাই অ্যামোনিয়াম ফসফেট ও মিউরিয়েট অব পটাসকে উন্নতমানের সার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দুটি সারের দাম কমানোর ফলে কৃষক ইউরিয়ার ব্যবহার কমাবে। এতে গবেষণাগারের সঙ্গে মাঠপর্যায়ে ধানের উৎপাদন পার্থক্য কমে আসবে।মতিয়া চৌধুরী বলেন, ‘ভিক্ষার থালা নিয়ে বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরলেও এখন খাদ্যসহায়তা পাওয়া যাবে না। উন্নত দেশগুলো অতিরিক্ত খাদ্য উৎপাদন করলে তা দিয়ে জ্বালানি তৈরি করে। ফলে আমাদের নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।’