জলাবদ্ধ এলাকায় বোরো চাষে ব্যস্ততা

সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার কপোতাক্ষ পারের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা থাকে প্রায় সারা বছর। এতে করে ওই এলাকার ২৬টি গ্রামের কৃষক আমন ধান থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে। বোরো চাষ করে আমন মৌসুমের ফসল পুষিয়ে নিতে তৎপর ওই এলাকার কৃষকেরা। শ্যালো মেশিনের মাধ্যমে পানিনিষ্কাশন করতে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের দপ্তর থেকে জানা গেছে, তালা ও কলারোয়া উপজেলায় এ বছর ২৯ হাজার ৪৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এই দুই উপজেলায় ৪ হাজার ৮৭০ হেক্টর জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রয়েছে।
সরেজমিনে কলারোয়া উপজেলার গাজনা, মানিকনগর, বসন্তপুর, ক্ষেত্রপাড়া ও রামকৃষ্ণপুর এবং বুধবার তালা উপজেলার চলিশার বিল, ভবানীপুর, ঘোনা, পারঘোনা, ডেমশাখোলা, বারাত, মোহনা, কলিয়া ও দেওয়ানীপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল পরিমাণ জমি জলাবদ্ধ। কয়েকটি শ্যালো মেশিন দিয়ে পানিনিষ্কাশন করা হচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মৌসুমে এখানে আমন চাষ হয়নি। বৃষ্টি ও কপোতাক্ষ নদের উপচে পড়া পানি এসব বিল থেকে নিষ্কাশন হতে পারে না। ফলে বছরের অধিকাংশ সময় এসব এলাকার ফসলি জমি তিন-চার ফুট পানির নিচে থাকে। জলাবদ্ধতার কারণে আমন মৌসুমে ওই সব এলাকার কৃষকেরা ধান চাষ করতে পারেন না। বোরো মৌসুমে ধান চাষ করার জন্য তাঁরা শ্যালো মেশিন দিয়ে জলাবদ্ধ এলাকার পানিনিষ্কাশন করছেন। তালা ও কলারোয়ার বিভিন্ন এলাকার পানিনিষ্কাশনে ৩৫টি শ্যালো মেশিন ২৪ ঘণ্টা পানি সেচের কাজে ব্যবহৃত হচ্ছে।
তালার ইসলামকাটি গ্রামের কৃষক তপন পাল, জয় গোপাল পাল ও বাবু ঘোষ জানান, চলিশার বিলে তাঁদের দেড় থেকে সাড়ে তিন বিঘা করে জমি রয়েছে। একসময় এই জমিতে তিন ফসল হতো। তাঁরা সচ্ছল ছিলেন। কিন্তু আট-দশ বছর ধরে বর্ষা মৌসুমের বৃষ্টির পানি সরতে না পারায় বিলে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে আমন ও আউশ মৌসুমে তাঁরা ধান চাষ করতে পারেন না। মাছ চাষের পাশাপাশি বোরো মৌসুমে ধান চাষ করতে পারলে তাঁদের কষ্ট কিছুটা লাঘব হবে। এ জন্য তাঁরা সম্মিলিতভাবে শ্যালো মেশিনের মাধ্যমে পানিনিষ্কাশন করছেন।
ভবানীপুর গ্রামের আবদুল রহমান জানান, প্রতিবছর ছয় মাসের বেশি সময় পানি জমে থাকায় ভবানীপুর বিলে আমন ধান হয় না। বাধ্য হয়ে জমির মালিকেরা মাছ চাষের জন্য খণ্ডকালীন সময় জমি ইজারা দিতে বাধ্য হন। বোরো মৌসুমের শুরুতেই এলাকার কয়েকটি বিলের জমির মালিকদের নিয়ে পানি সেচের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইসলামকাটি সেতুর দক্ষিণ পাশে ১৪টি শ্যালো মেশিন বসানো হয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকায় একইভাবে পানিনিষ্কাশনের কাজ চলছে।
প্রায় একই ধরনের কথা বলেন কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়ার কৃষক ফরহাদ হোসেন গাজী, গাজনা এলাকার ইমাদুল হক, রামকৃষ্ণপুর গ্রামের ছাত্তার গাজীসহ আরও কয়েকজন।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম জানান, গত বছর এই উপজেলায় ৪ হাজার ৭৮৫ হেক্টর জমি জলাবদ্ধ ছিল। তার মধ্যে ২ হাজার ৭০৯ হেক্টর জমিতে শ্যালো মেশিন দিয়ে পানিনিষ্কাশন করে বোরো আবাদ করা সম্ভব হয়। এবারও ২৫-৩০টি শ্যালো মেশিনে বিভিন্ন এলাকায় পানিনিষ্কাশন শুরু হয়েছে।
কলারোয়া উপজেলার কৃষি কর্মকর্তা মহাসীন আলী জানান, কলারোয়া উপজেলায় ৮৫ হেক্টর জলাবদ্ধ জমি থেকে ৫২ হেক্টর জমিতে বোরো চাষ করা সম্ভব হয়। এ বছর এক সপ্তাহ আগে থেকে জলাবদ্ধ এলাকার পানিনিষ্কাশন শুরু করেছেন কৃষকেরা।