জলাবদ্ধ এলাকায় ১৮০ কোটি টাকার প্রকল্প
ছয়টি দাতা সংস্থার আর্থিক সহায়তায় ১৮০ কোটি টাকা ব্যয়ে গৃহনির্মাণ, স্যানিটেশন, খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।অনুষ্ঠানে জানানো হয়, অক্সফামসহ ছয়টি দাতা সংস্থার অর্থায়নে সাতক্ষীরা ও যশোর জেলার আট উপজেলার জলাবদ্ধতার শিকার অসহায় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১১ হাজার ৯২টি বন্যাসহনশীল পাকাঘর নির্মাণ ও স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে দেওয়া হবে। এ ছাড়া ১৯ হাজার ৬৩০ পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে কাজ ও প্রশিক্ষণসহ নানা কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, সাতক্ষীরা ও যশোরের জলাবদ্ধতা নিরসন করতে না পারলে এসব এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। জলাবদ্ধতা দূর করার পাশাপাশি বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার টেকসই ও উন্নতমানের ঘর নির্মাণ ও খাদ্যের নিরাপত্তার জন্য নানা ধরনের প্রকল্প শুরু করেছে। এসব প্রকল্প থেকে প্রায় ২০ হাজার পরিবার উপকৃত হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভরাট হওয়া নদ-নদী ও খালগুলো পরিকল্পিত উপায়ে খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে কপোতাক্ষ খননের জন্য ২৬১ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।দাতা সংস্থা অক্সফাম ও নারী কনসোর্টিয়াম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বক্তব্য দেন সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, এম এ জব্বার, অক্সফাম ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর গেরথ প্রাইস জোনস, প্রকল্পের পরিচালক বিনয় কৃষ্ণ নাগ ও কায়সার রিজভী।