জলাবদ্ধ জায়গায় বিকল্পভাবে সবজি চাষের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় গতকাল মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনার ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী ব্যক্তিরা জলাবদ্ধ জমিতে বিকল্প উপায়ে সবজি চাষের জন্য কৃষকদের আহ্বান জানান।
উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’ এ কর্মশালার আয়োজন করে। ‘বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় এলাকায় খাদ্যের জন্য পানি’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী আবদুল মান্নান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ, দলিত-এর প্রতিনিধি বাসন্তী লতা প্রমুখ।
কর্মশালায় বক্তারা জলাবদ্ধ জমিতে সবজি চাষের সাফল্য তুলে ধরেন। কৃষকদের নিজ জমিতে সবজি চাষের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, জলাবদ্ধ জমিতে কচুরিপানা দিয়ে ৩০ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার প্রস্থ জায়গা প্রস্তুত করে সবজি চাষ করা সম্ভব।