জলাবদ্ধ পরিবেশে পড়াশোনা

চারদিক থই থই পানি। দেখে মনে হবে বিশাল কোনো জলাশয়। জলাশয় নয়, মূলত এটি মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় ও আদর্শ ডিগ্রি কলেজ ক্যাম্পাস (মাঠ)। পানি বের হওয়ার সুযোগ নেই। তাই একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে থাকে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রতিষ্ঠান দুটির দুই শতাধিক শিক্ষার্থী গতকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান ও মাগুরা পৌরসভার সামনে মানববন্ধন করে।
শিক্ষার্থীরা জানায়, মাগুরা শহরের ভায়না মোড়ের অদূরে আদর্শ ডিগ্রি কলেজ ও সরকারি উচ্চবিদ্যালয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পাশাপাশি। কিন্তু পানিনিষ্কাশনের জন্য পৌরসভার কোনো নর্দমা নেই। যে কারণে সামান্য বৃষ্টি হলেই দুটি ক্যাম্পাসে পানি জমে যায়। এটি এখন স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এদিকে জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা খেলার মাঠ ব্যবহার করতে পারে না। এমনকি জলাবদ্ধতার কারণে এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করতে না পারায় অনেক সময় ক্লাস পর্যন্ত হয় না।
আদর্শ ডিগ্রি কলেজের বিএ পাস কোর্সের শেষ বর্ষের মুকিত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা পানিতে ডুবে আছি। অথচ পানিনিষ্কাশনের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। জলাবদ্ধতার কারণে আমরা প্রায় দুই মাস ক্লাস করতে পারছি না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র প্লেটো বিশ্বাস বলে, ‘স্কুলের মূল ভবনের ভেতরে পানি না ঢুকলেও চারপাশে সব সময় হাঁটুপানি থাকে। স্কুলসংলগ্ন খেলার মাঠটি মাসের পর মাস পানিতে তলিয়ে আছে। এখন অবস্থা আরও করুণ। জলাবদ্ধতার কারণে কত দিন যে আমরা ক্লাসের বাইরে মাঠে পা রাখতে পারিনি, তার হিসাব নেই।’
যোগাযোগ করা হলে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস বলেন, গোটা কলেজ ক্যাম্পাস থই থই পানিতে নিমজ্জিত। পৌর কর্তৃপক্ষকে বলেও কোনো সুফল পাচ্ছি না। জলাবদ্ধতার কারণে অনেক সময় ক্লাসও বন্ধ রাখতে হয়।
মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, পানি বের হওয়ার কোনো পথ নেই। পৌরসভা নর্দমা তৈরি করে দিচ্ছে না। যে কারণে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। ভারী বর্ষণ হলে বিদ্যালয়ে আসার প্রধান সড়কটিও তলিয়ে যায়। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু ফলাফল শূন্য। দীর্ঘদিন পানিবন্দী থেকে ছাত্ররা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
এ ব্যাপারে মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আকতার খান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দুটির ক্যাম্পাস থেকে পানি বের হওয়ার কোনো পথ নেই। পাশের নর্দমাগুলো নানা কারণে ভরাট হয়ে পড়েছে, যা কোনোভাবেই পরিষ্কার বা সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে না। এ জন্য প্রতিষ্ঠান দুটির আশপাশে গড়ে ওঠা সরকারি প্রতিষ্ঠানগুলো দায়ী। তা ছাড়া প্রতিষ্ঠান দুটির ক্যাম্পাসও অনেক নিচু। তার পরও শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে আমরা পৌরসভা থেকে কী করা যায় দেখব।’