জলাবদ্ধ মাঠে পোনা ছেড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার অন্যতম বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ। সামান্য বৃষ্টি হলেই কলেজমাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠ ভরাটের আন্দোলন করেও কাজ হয়নি। তাই গতকাল মঙ্গলবার মাঠে জমে থাকা হাঁটুসমান পানিতে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগ (জাসদ) গাইবান্ধা সরকারি কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে।

গতকাল দুপুরে ছাত্রলীগ (জাসদ) জেলা শাখার সভাপতি রাকিব সীমান্তের নেতৃত্বে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাংলা বিভাগের সামনে সমবেত হন। তাঁরা কলেজের খেলার মাঠে জমে থাকা পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। রাকিব সীমান্ত বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এই প্রতিবাদ।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজমাঠের চারদিকে উঁচু পাকা রাস্তা, প্রশাসনিক ভবন, শ্রেণিকক্ষ। সামান্য বৃষ্টিতে চারদিক থেকে পানি গড়িয়ে মাঠে জমে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। ফলে খেলাধুলা বন্ধ রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খেলাধুলা দূরের কথা, হেঁটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু মাঠ ভরাটে একাধিকবার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। তাই আমরা পোনা ছেড়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আসাদুজ্জামান বলেন, কলেজ ছুটির পর ও টিফিনের সময় সবাই একসঙ্গে ক্যাম্পাস থেকে বের হন। তখন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে অনেকে পানিতে পড়ছেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আমিরুজ্জামান আক্ষেপ করে বলেন, এই কলেজে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী। এতসংখ্যক শিক্ষার্থীর একমাত্র খেলার মাঠের এই অবস্থা। ভাবতে অবাক লাগে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মাঠ ভরাটে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে মাটি ভরাটের জন্য প্রায় ৭০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু মাটি ভরাটকাজ নেওয়ার জন্য বিভিন্ন ছাত্রসংগঠন চাপ দিচ্ছে। ফলে মাঠ ভরাটের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

অবশ্য রাকিব সীমান্ত দাবি করেন, অধ্যক্ষের অভিযোগটি ঠিক নয়। কলেজ কর্তৃপক্ষ মূলত মাঠ ভরাটের নামে টালবাহানা করছে।