জলাবদ্ধ মানুষের ত্রাণ বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে গতকাল ত্রাণ নিয়ে একটি পিকআপ ভ্যান পৌঁছালে বিক্ষুব্ধ মানুষ ভ্যানটি ফিরিয়ে দেন l প্রথম আলো
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে গতকাল ত্রাণ নিয়ে একটি পিকআপ ভ্যান পৌঁছালে বিক্ষুব্ধ মানুষ ভ্যানটি ফিরিয়ে দেন l প্রথম আলো

ত্রাণবাহী পিকআপ ভ্যানটি যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে পৌঁছায় গতকাল বুধবার বেলা পৌনে ১১টায়। খবর পেয়ে আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। পিকআপ ভ্যানটি পৌঁছার পর খবর রটে যায়, স্থানীয় সাংসদ (যশোর-৪) রণজিৎ কুমার রায় এই ত্রাণ বিতরণ করবেন। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত জনতা। ‘ত্রাণ চাই না, জল সরাও’, ‘ত্রাণ চাই না, পরিত্রাণ চাই’ স্লোগান দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে ত্রাণবাহী পিক আপভ্যানটি ফিরিয়ে দেন উত্তেজিত জনতা।
জলাবদ্ধ সুন্দলী ইউনিয়নের কয়েকজন ব্যক্তি জানান, অভয়নগর উপজেলার ব্যবসায়ীদের উদ্যোগে গড়ে ওঠা ‘উপজেলা ত্রাণ কমিটি’র ৬০০ প্যাকেট ত্রাণ (শুকনো খাবার) বহনকারী পিকআপ ভ্যানটি ইউপি কার্যালয়ের সামনে পৌঁছার আগেই খবর পেয়ে সেখানে পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত হন। তাঁদের প্রতিরোধের মুখে ত্রাণবাহী পিকআপ ভ্যানটি ফিরে যায়। সাংসদ পরে আর সেখানে যাননি।
ডাঙ্গা মশিয়াহাটি গ্রামের সমীরণ পাঁড়ে বলেন, ‘আমরা প্রায় এক মাস ধরে জলে ডুবে আছি। এ পর্যন্ত এমপি আমাদের দেখতি আসেননি। বাড়িঘর থেকে একটুও জল নামেনি। আমাদের ত্রাণের দরকার নেই। দরকার জল সরানোর। আমরা ত্রাণ বর্জন করেছি। ত্রাণের গাড়ি ফিরিয়ে দিয়েছি।’ সুন্দলী গ্রামের কানু বিশ্বাস বলেন, ‘একটি মহল ত্রাণ দিয়ে জনগণকে ঠান্ডা রাখতে চেষ্টা করছে, আর একটি মহল এর সুযোগ গ্রহণ করছে। কিন্তু সাধারণ জনগণ এই ত্রাণ আর গ্রহণ করবে না। আমরা ত্রাণ দিয়ে কী করব? আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। না খেয়ে থাকব, তবুও এই ত্রাণ আমরা গ্রহণ করব না।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায় বলেন, ‘পানি সরাতে আমডাঙ্গা খাল কাটার জন্য এখনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকার এক ইঞ্চি জলও কমেনি। এ কারণে পানিবন্দী মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারই ফল আজকের (গতকালের) ত্রাণ ফিরিয়ে দেওয়া।’ উপজেলা ত্রাণ কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ জালাল হোসেন বলেন, ৬০০ প্যাকেট ত্রাণ নিয়ে একটি পিকআপ ভ্যান জলাবদ্ধ সুন্দলী ইউনিয়ন পরিষদে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ত্রাণ বহনকারী পিকআপ ভ্যানটি দাঁড়াতেই দেননি।
সুন্দলী ইউপির চেয়ারম্যান বিকাশ রায় বলেন, ‘ত্রাণ বিতরণের জন্য এমপি রণজিৎ কুমার রায়ের আসার কথা ছিল। কিন্তু তার আগেই জলবন্দী এলাকাবাসী ত্রাণের পিকআপ ভ্যানটি ফেরত পাঠান।’