জলাবদ্ধ, সঙ্গে উৎকট গন্ধ বিদ্যালয় ছুটি
সিলেটে মৌসুমের প্রথম ভারী বৃষ্টি হয় গতকাল বৃহস্পতিবার সকালে। এই বৃষ্টিতেই সিলেট নগরের কেন্দ্রস্থলের মিরাবাজার এলাকার মডেল হাইস্কুল প্রাঙ্গণে জমে হাঁটুপানি। সকালবেলা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে-আসতে রীতিমতো হাঁটুপানি মাড়াতে হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বদ্ধ পানি ছিল, উৎকট গন্ধও। এক বেলার বৃষ্টিতে সারা বেলা বিড়ম্বনা সইতে হবে দেখে শেষে অর্ধদিবস পরই বিদ্যালয় ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ জলাবদ্ধ। প্রাঙ্গণ উপচে শ্রেণিকক্ষের ভেতরেও পানি ছুঁই ছুঁই করছে। ময়লা পানি মাড়িয়ে চলাফেরা করা কয়েকজন শিক্ষার্থী জানায়, পানিতে দুর্গন্ধ থাকায় সেখান থেকে ভালো পানিতে তাদের পরিষ্কার হতে হয়েছে। একজন শিক্ষক জানান, একবার যাতায়াত করেই তিনি চুলকানিতে আক্রান্ত হয়েছেন।
আশপাশ এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টি থামার পরও পানি না নামায় জলাবদ্ধ স্থান থেকে ড্রেনের ময়লা-আবর্জনার গন্ধ আসছিল। পুরো বিদ্যালয় এলাকায় উৎকট গন্ধ ছড়ানোয় শেষে দেখা যায়, আশপাশ এলাকার ড্রেন ও নালা পরিষ্কার না হওয়ায় এ জলাবদ্ধতা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, হুট করে বৃষ্টিপাত হওয়ায় এমন সমস্যা নগরের অন্যান্য স্থানে ছিল। তবে বিদ্যালয় এলাকা হওয়ায় আশপাশের নালা ও ড্রেন পরিষ্কার করার বিষয়ে সংশ্লিষ্ট শাখাকে বলা হবে।