জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার মাত্র ১৮ মিলিমিটার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে অনেক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক। বৃষ্টিভেজা আবহাওয়া আর জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে বিকেলে অফিস শেষে বাড়ি ফেরা চাকরিজীবীদের চরম ভোগান্তি সইতে হয়।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে বিকেল চারটা থেকে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি পড়ে। গতকাল দেশের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর মধ্যে বরিশালে ২১, সিলেটে ১২, রাঙামাটিতে ১১, সন্দ্বীপে ৯ ও কুমিল্লায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুই দিন এ ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।গতকাল বিকেলে বৃষ্টি শুরু হওয়ার আগে ঘনকালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। বৃষ্টিতে রাজধানীর মিরপুর গোলচত্বর থেকে কাজীপাড়া এলাকা, শ্যাওড়াপাড়া, রোকেয়া সরণি, শেরেবাংলা নগর, শ্যামলী, মৌচাক, রামপুরা, মালিবাগ, বাসাবো, গোড়ান, মুগদাপাড়া, মান্ডা, গোপীবাগ, মতিঝিল, আরামবাগ, ফকিরেরপুল, নয়া পল্টন, পুরানা পল্টন, কাকরাইল, মৎস্য ভবন মোড় থেকে শেরাটন মোড়, বাংলামোটর, বকশীবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজটের। বিশেষ করে মতিঝিল থেকে প্রেসক্লাব, কাকরাইল থেকে মগবাজার, শাহবাগ থেকে বাংলামোটর, কাওরান বাজার হয়ে ফার্মগেট পুরো রাস্তায় দীর্ঘ সময় যানজট ছিল। জলাবদ্ধতা ও যানজটে নগরবাসী চরম দুর্ভোগে পড়ে।হাটখোলার বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মহুয়া ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে পেয়াদাপাড়াসংলগ্ন অভয় দাস লেনের ভাঙা রাস্তায় রিকশা উল্টে পানিতে পড়ে যান তিনি। ওয়ারী লারমিনি স্ট্রিটের বাসিন্দা তাহমিনা বেগম বলেন, মতিঝিল থেকে তিনি বাসায় ফেরার জন্য রিকশা ভাড়া করতে গেলে রিকশাওয়ালারা ৫০ টাকা ভাড়া হেঁকে বসেন। ফলে আটকে থাকতে হয় তাঁকে। বিভিন্ন সড়কে ম্যানহোলের ঢাকনা না থাকায় দুর্ঘটনার শিকার হয় পথচারী ও যানবাহনের আরোহীরা। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, রাজধানীর জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ১৯টি স্থানে ১১৫টি পাম্প বসানো আছে। এগুলোর মধ্যে রামপুরায় ৩০টি, গোপীবাগ টিটিপাড়াসংলগ্ন জনপদ এলাকায় ২০টি এবং পশ্চিমাঞ্চলীয় বেড়িবাঁধ এলাকায় ৫০টি পাম্প বসানো আছে। সামান্য বৃষ্টিতেই রাজধানী জলাবদ্ধ হয়ে পড়ে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য যথাসময়ে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী কাজ করায় অনেক এলাকায় পানি দ্রুত নেমে যায়। তিনি বলেন, বেশির ভাগ খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় এবং চারপাশের নদীগুলোয় পানি নামার পথ না পাওয়ায় ঢাকায় ঘণ্টায় ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করছে ওয়াসা।