জলাবদ্ধতা, আছে মশার উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

সামান্য বৃষ্টিতেই পুরান ঢাকার খাজে দেওয়ান প্রথম লেন ও অরফানেজ রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ওই দুটি রোডের সংযোগস্থলে থাকা ডাস্টবিনের ময়লা ছড়িয়ে পড়ে পানিতে। সেই নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের।

খাজে দেওয়ান প্রথম লেন ও অরফানেজ রোডের (এতিমখানা রোড) একাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন। উর্দু রোড, গৌড় সুন্দর রাম লেন, হায়দার বক্স লেন, খাজে দেওয়ান প্রথম ও দ্বিতীয় লেন, চক সার্কুলার রোড (চকবাজার), আজগর লেন, হরনাথ ঘোষ রোড, হরনাথ ঘোষ লেন, খাজে দল সিং লেন ও নন্দ কুমার দত্ত রোড নিয়ে এই ওয়ার্ড গঠিত। ওয়ার্ডের ভোটারসংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার। কিন্তু ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার, ব্যায়ামাগার, পার্ক ও খেলার মাঠ নেই। চকবাজারে দিনভর লেগে থাকে যানজট। আছে মশার উপদ্রব। প্রকাশ্যে বিক্রি হয় মাদক। গত ২৬ জুলাই এলাকাগুলো ঘুরে ও ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দেখা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের উত্তর পাশ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পশ্চিম সীমানা পর্যন্ত অরফানেজ রোড জলাবদ্ধ হয়ে আছে। দুটি সড়কের কোথাও কোথাও প্রায় তিন ফুট পানি জমেছে। পানিতে ভাসছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পশ্চিম পাশে থাকা ডাস্টবিনের বর্জ্য ও পয়োবর্জ্য। ইঞ্জিনে পানি ঢুকে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি পিকআপ বন্ধ হয়ে পড়ে আছে। প্রায় হাঁটুপানি মাড়িয়ে চলাচল করছেন পথচারীরা।

গতকাল বুধবারের বৃষ্টিতে এই দুটি সড়কে আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খাজে দেওয়ান রোডের বাসিন্দা তানভিরুল আলম বলেন, দুই বছর ধরে বৃষ্টি হলে ওই দুটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পানি সরতে ২৪ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এতে একপ্রকার বন্দী হয়ে পড়েন এলাকার মানুষ। তিনি বলেন, খাজে দেওয়ান রোডের দুই পাশের বৃষ্টির পানি অপসারণের নালাগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। এতে বৃষ্টি হলেই পানি আটকে যায়। ড্রেনে থাকা ময়লা পানিতে ছড়িয়ে পড়ে। এ ছাড়া খাজে দেওয়ান রোডের উত্তর মাথায় এতিমখানা রোডের ডাস্টবিনের বর্জ্য পানিতে ছড়িয়ে পড়ে।

পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা চকবাজার। এই বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন পাইকারি মালামাল কিনতে আসেন। অথচ চকবাজারের চারপাশে চক সার্কুলার রোডের প্রশস্ততা মাত্র ১০ থেকে ১২ ফুট। এতে দিনভর এই এলাকায় যানজট লেগে থাকে।

এতিমখানা রোড থেকে চকবাজার যাওয়ার প্রধান পথ নাজিমুদ্দিন রোড ও উমেশ দত্ত রোড। এর মধ্যে নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের (পুরোনো) প্রধান ফটকের সামনে থেকে চক সাকু‌র্লার রোড পর্যন্ত খানাখন্দে ভরা সড়কে যানজট লেগে যায়। চক সার্কুলার রোডে পিকআপ ও প্রাইভেট গাড়ি ঢুকলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।

চকবাজারের সুরাইয়া কসমেটিকসের মালিক মনিরুল ইসলাম বলেন, যত দিন যাচ্ছে, চকবাজারের যানজটের মাত্রা ততই বাড়ছে। এতে ঢাকার বাইরের ক্রেতারা চকবাজারে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছেন। তাই দিনের বেলায় চকবাজার এলাকায় পিকআপ ও ব্যক্তিগত গাড়ি ঢোকা বন্ধ করতে হবে।

ডিএসসিসির এই ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ আছে। উর্দু রোডের বাসিন্দা উজ্জ্বল মেহেদি বলেন, মাসে একবারও এই এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখা যায় না। এতে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছেন বাসিন্দারা। গত মে থেকে প্রায় প্রতিটি বাসায় দু-একজন করে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। এখনো অনেকে আক্রান্ত হচ্ছেন।

খাজে দেওয়ান প্রথম লেনসহ ওই ওয়ার্ডের বিভিন্ন গলিতে দিনের বেলায়ও মাদক সেবন ও বিক্রি করা হয় বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ভয়ে মহল্লার কেউ প্রতিবাদ করেন না। মাদকসেবীরা মহল্লায় চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত।