জলাবদ্ধতা আর নালার দূষিত পানিতে দুর্ভোগ

স্থায়ী জলাবদ্ধতা আর নালার পচা পানির দুর্গন্ধে ভোগান্তির মধ্যে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে পাবনার ঈশ্বরদী পৌরসভার ফতেমোহাম্মদপুর এলাকার বাসিন্দারা। পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে না ওঠায় ফতেমোহাম্মদপুর বিহারীবাজারের বাসিন্দারা দীর্ঘ এক যুগ ধরে এ দুর্ভোগ পোহাচ্ছে। জলাবদ্ধতার কারণে পায়ে চলার পথটুকুও নেই। দীর্ঘদিনের জমে থাকা নোংরা ও দূষিত পানি বাড়িঘরে ঢুকে তৈরি করেছে অস্বাস্থ্যকর পরিবেশ।
সরেজমিনে ১৪ জুন ফতেমোহাম্মদপুরের ওই এলাকায় দেখা যায়, এখানকার বিহারীবাজারের দুই পাশের রাস্তা, বড় মসজিদ থেকে বাদল বেনারসির বাড়ি হয়ে সাবেক কমিশনার তোফাজ্জল হোসেন ও শরীফ ডাক্তারের বাড়ির রাস্তা পর্যন্ত এবং বিহারীবাজারের নিচু এলাকা দীর্ঘদিনের জলাবদ্ধতায় ডুবে আছে। পৌরসভার নালা থেকে উপচে পড়া দূষিত পানির সঙ্গে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে এ জলাবদ্ধতা। দূষিত পানিতে পা ডুবিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। শুধু রাস্তা নয়, দূষিত এই পানি রাস্তাসংলগ্ন আশপাশের বাসাবাড়িতেও ঢুকে পড়েছে। এখানকার অন্তত ২০টি বাড়ির আঙিনায় শেওলা পড়া পানি জমে থাকতে দেখা গেছে।
ওই এলাকার গৃহবধূ ফাহমিদা বেগম বলেন, ‘সারা বছরই আমরা এই নোংরা পানির মধ্যে বসবাস করি। বৃষ্টির দিনে পরিস্থিতি খুবই খারাপ হয়। তখন ঘরের ভেতরে পানি চলে আসে। আমরা পৌর কাউন্সিলরকে বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
নাদিম হোসেন নামের এক বাসিন্দা বলেন, এক যুগ ধরে এই বিহারীবাজার ও এখানকার রাস্তার দুই পাশে স্থায়ীভাবে পানি জমে থাকায় সীমাহীন কষ্টের মধ্যে তাদের বসবাস করতে হচ্ছে।
বাদল বেনারসি নামের আরেকজন বলেন, রাস্তার পাশ দিয়ে যাওয়া সরু নর্দমাটি দীর্ঘদিনেও পরিষ্কার এবং সংস্কার না করায় এই অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়েছে। দূষিত পানির কারণে এলাকার শিশু-কিশোরেরা নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ভোগান্তি তো আছেই।
ঈশ্বরদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কায়ছার এ প্রসঙ্গে বলেন, ওই এলাকার নালাটি দীর্ঘদিনের পুরোনো। অনেক জায়গায় ভেঙেও গেছে। এসব কারণে নালাটি দিয়ে পানি নিষ্কাশিত হতে পারে না। তবে শিগগিরই নালাটি সংস্কারের কাজ শুরু করা হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (৫ নম্বর ওয়ার্ড) কামাল আশরাফী বলেন, একদিকে নালাটি ছোট, অপরদিকে কিছু মানুষ সেই নালার সঙ্গে বাসাবাড়ির পয়োনিষ্কাশন লাইন যুক্ত করে দেওয়ায় নালার পানি দূষিত হয়ে উঠছে। পরে এই পানি ছড়িয়ে পড়ায় ভোগান্তি বেড়েছে। তিনি আরও বলেন, প্রায় এক যুগ ধরে এ সমস্যায় এলাকাবাসী ভোগান্তি পোহালেও পৌরসভার জনবল সংকটে নিয়মিত নালাটি পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তবে পৌরসভার নতুন মেয়র নালা সংস্কার ও জলাবদ্ধতা দূর করতে বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছেন। অচিরেই সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে বলে জানান কাউন্সিলর।