জলাবদ্ধতা আর সাপের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফিজা নুজহাত বেশির ভাগ সময় সাপ তাড়াতে লাঠি নিয়ে বসে থাকে  ছবি: প্রথম আলো
নাফিজা নুজহাত বেশির ভাগ সময় সাপ তাড়াতে লাঠি নিয়ে বসে থাকে ছবি: প্রথম আলো

নাজিফার বয়স আট কি নয় হবে। সাপের ভয়ে ঘুমাতে চায় না। যশোরের কেশবপুর পৌর শহরে জলাবদ্ধতার শিকার পোস্ট অফিসপাড়ায় পরিবারের সঙ্গে থাকে সে। প্রায়ই তাদের এলাকার অনেক বাড়িতে সাপ ঢুকে পড়ে। সে জলাবদ্ধ পানিতে সাপ ঘুরে বেড়াতেও দেখেছে। তাই আতঙ্কে ছেয়ে যায় মন।
সরেজমিনে গত বুধবার সকালে দেখা যায়, পোস্ট অফিসপাড়ার সোলায়মান হোসেন, সোহরাব উদ্দীন ও আশরাফ-উজ-জামান খানের বাড়িতে পানি জমে আছে। পাড়াটির মধ্যে দিয়ে যাওয়া সরু একটি নালা দিয়ে ঠিকমতো পানি না সরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, ১৫ বছর ধরে এ অবস্থা। বর্ষা মৌসুম থেকে পরবর্তী তিন মাস এই পাড়ায় জলাবদ্ধতা দেখা দেয়। এখানে দুটি পুকুর আছে। বৃষ্টি হলেই পুকুরের পানি জমে যাওয়া পানির সঙ্গে একাকার হয়ে যায়। তখনই পুকুর থেকে সাপ উঠে আসে। একটু অসতর্ক হলেই সেগুলো ঢুকে পড়ে বাসিন্দাদের ঘরে। স্থানীয় লোকজন সাপের ভয়ে সব সময় লাঠি হাতে ঘরের বাইরে আসে।
কেশবপুর কলেজের স্নাতক সম্মান শ্রেণীর নিশাত আফরোজ বলেন, ‘কলেজে যেতে হলে পানি মাড়িয়েই যেতে হয়। তখন ভেজা কাপড়ে কলেজ করা ছাড়া উপায় থাকে না। বছরের তিন মাস আমাদের কষ্টের সীমা থাকে না।’
মুনছুর আলী আক্ষেপ করে বলেন, ‘ঘরের মধ্যে পানি, কখনো কখনো সাপও ঢোকে। তার পরও আমরা প্রথম শ্রেণীর একটি পৌরসভার বাসিন্দা। ভাবতেই হাসি পায়।’
তিনি আরও বলেন, এসব সমস্যার কথা পৌরসভায় জানিয়েও কোনো লাভ হয়নি। অপর এক বাসিন্দা সুমন বসু বলেন, ‘আমাদের পাড়ার ভিতর দিয়ে পানিনিষ্কাশনের যে নালাটি গেছে, তা দিয়ে ঠিকমতো পানি সরে না। তার ওপর নতুন উপজেলা সড়কের দক্ষিণ পাশের নালাটির বিভিন্ন জায়গা ভেঙে সেটি দিয়েও পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। ডাকবাংলোর পাশ দিয়ে যাওয়া নালাটিরও এক পাশ ভেঙে পানিনিষ্কাশিত হতে পারছে না। পৌর কর্তৃপক্ষকে জানালে তারা কেবল সময়মতো করে দেওয়ার আশ্বাস দেয়। সেই সময় আর হয় না।’
কেশবপুরের পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ওই জায়গাটি এমনিতেই নিচু। তার পরও পানিনিষ্কাশনের জন্য পাড়াটির ভেতর দিয়ে নালা করা হয়েছে। জায়গাটি নিচু হওয়ায় বৃষ্টি হলে পানি জমলেও আবার তা নেমেও যায়। যেসব নালা নষ্ট হয়ে গেছে শিগগিরই সেগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।